
আবাসিক হল নির্মাণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গতকাল সোমবার আবার দুই দফা হামলা করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।
এদিকে আবাসিক হল নির্মাণের দাবি ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ ও ছাত্র ধর্মঘটের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
অন্যদিকে আবাসিক হল নির্মাণের দাবিতে ছাত্রলীগও আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অনশন কর্মসূচি দিয়েছে।
আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, আন্দোলন কর্মসূচিতে ছাত্রলীগকে নেতৃত্ব দিতে না দেওয়ায় এই হামলা চালানো হচ্ছে। এভাবে তারা শিক্ষার্থীদের চার সপ্তাহ ধরে চলমান আন্দোলন বানচাল করতে চাইছে। এর আগে গত বুধবার পল্টন মোড় অবরোধের সময় হামলা করেছিল ছাত্রলীগ। গত রোববারও ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালান ছাত্রলীগের কর্মীরা।
পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গায় জাতীয় চার নেতার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জায়গায় হল নির্মাণের দাবিতে টানা চার সপ্তাহ ধরে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা৷ এতে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নিচ্ছেন৷
গতকাল সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে ছাত্র ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল করেন প্রায় দেড় হাজার শিক্ষার্থী। এ সময় ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়৷ এতে হুমায়ুন, নাজমুল হাসান, শাহিন, মনিরুজ্জামান, তারেক হাসান, ফয়সাল খানসহ ২৫ থেকে ৩০ জন আহত হন। সকাল ১০টার দিকে সব শিক্ষার্থী আবার জড়ো হয়ে বিজ্ঞান অনুষদে মিছিল বের করেন। এ সময় আবার হামলা চালানো হয়। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় প্রায় ২০ জন আহত হন। তাঁদের প্রায় ১৫ জন ক্যাম্পাসের পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালসহ দুটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন৷
বেলা তিনটার দিকে শাহবাগে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়৷ ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল আমিন ও ছাত্রফ্রন্টের সভাপতি মেহরাব আজাদ বলেন, ছাত্রলীগের কয়েক দফা হামলায় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
হামলার বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে চাইছে। তাই তাঁদের মারধর করা হয়েছে৷
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বলেন, তাঁর কাছে কোনো আহত শিক্ষার্থী অভিযোগ করেননি৷