আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষে আহত ২৫, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলেজ জাতীয়করণের দাবিতে অর্ধদিবস হরতাল চলাকালে গতকাল দিনাজপুরের খানসামা উপজেলা সদরে কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেন l ছবি: প্রথম আলো
কলেজ জাতীয়করণের দাবিতে অর্ধদিবস হরতাল চলাকালে গতকাল দিনাজপুরের খানসামা উপজেলা সদরে কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেন l ছবি: প্রথম আলো

দিনাজপুরের খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে অর্ধদিবস হরতালকে কেন্দ্র করে গতকাল রোববার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশের ছোড়া রাবার বুলেট ও কাঁদানে গ্যাসে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় এক পুলিশ কর্মকর্তাও আহত হন।
এদিকে পুলিশ অভিযান চালিয়ে গত শনিবার রাতে পাঁচজনকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিবারের অভিযোগ, গ্রেপ্তারের সময় পরিবারের সদস্যদের মারধর ও গালিগালাজ করে পুলিশ।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হরতালের পক্ষে আন্দোলনকারীরা সকাল আটটা থেকে রাস্তায় নামার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তঁাদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুপুর ১২টায় হরতাল শেষে তাঁরা মিছিল বের করেন। প্রায় ২ হাজার মানুষের একটি মিছিল উপজেলা পরিষদ থেকে বের হয়ে জিয়া সেতুর দিকে যাওয়ার চেষ্টা করে। মিছিলটি থানার সামনের রাস্তা অতিক্রমের সময় পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে। মিছিলকারীরাও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ অন্তত ৬০টি কাঁদানে গ্যাসের শেল ও কয়েকটি রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অন্তত ২৫ জন আন্দোলনকারী আহত হন। পরে আন্দোলনকারীরা কয়েকটি েমাটরসাইকেল ভাঙচুর ও রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। গুরুতর আহত বাবুল হোসেন, তছলিম উদ্দিন, স্কুলশিক্ষার্থী রাকিব ইসলাম ও নাসিমা আখতারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুরে সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ সুপার মো. হামিদুল আলম বেলা তিনটার িদকে প্রথম আলোকে বলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ ও মো. মিজানুর রহমানের নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য খানসামায় পাঠানো হয়েছে। তাঁরা পরিস্থিতি শান্ত করতে স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনায় বসবেন। কয়েকজন আন্দোলনকারী অভিযোগ করে বলেন, দুই অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে আসার পর থেকে পুলিশ আন্দোলনকারীদের বািড় বািড় গিয়ে মারধর করে অনেককে থানায় ধরে নিয়ে গেছে। বিকেলে থানাহাজতে সাত ব্যক্তিকে আটক থাকতে দেখা যায়।
এদিকে উপজেলা সদরে শনিবার দুপুরে এক বিক্ষোভ মিছিল শেষে খানসামা ডিগ্রি কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য আবদুল লতিফ গতকাল (রোববার) ওই হরতালের ঘোষণা দেন। পরে শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে পুলিশ আন্দোলনকারীদের বািড়তে বািড়তে অভিযান চালিয়ে রাকেশ গুহ, আবদুল লতিফ, সোলজার রহমান, রফিক রহমান ও আতাউর রহমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, পুলিশ কেবল গ্রেপ্তার ব্যক্তিদের নয়, পরিবারের সদস্যদের মারধর ও গালিগালাজ করেছে। ঘরের দরজা-জানালাও ভাঙচুর করেছে পুলিশ।
কয়েকজন আন্দোলনকারী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা ও শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী যেসব উপজেলায় সরকারি কলেজ নেই, সেসব উপজেলা সদরের একটি বেসরকারি কলেজকে সরকারি করার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। কিন্তু খানসামা সদরের খানসামা ডিগ্রি কলেজকে জাতীয়করণ না করে সদর থেকে ১০ কিলোমিটার দূরের পাকেরহাট ডিগ্রি কলেজকে জাতীয়করণের লক্ষ্যে তৃতীয় পর্যায়ে তালিকা প্রকাশ করা হয়েছে। তাই কলেজটি জাতীয়করণের দাবিতে ‘খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণ বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির ব্যানারে ২০ দিন ধরে বিিভন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। পূর্বঘোষিত কর্মসূিচ অনুযায়ী আন্দোলনকারীরা গতকাল ওই হরতাল ডেকেছিলেন।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ ও থানা আক্রমণের চেষ্টা করলে আত্মরক্ষার্থে ৫০টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। পুলিশ রাবার বুলেট ছোড়েনি। আন্দোলনকারীদের ইটপাটকেল নিক্ষেপে এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এ ছাড়া নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে শনিবার রাতে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তাঁদের গ্রেপ্তারের সময় পরিবারের সদস্যদের মারধর ও গালমন্দ করা হয়নি। তবে গতকাল যাঁদের আটক করা হয়েছে এর সংখ্যা জানাতে অপারগতা প্রকাশ করে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত না হলে তাঁদের ছেড়ে দেওয়া হবে।