আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। 
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তাঁদের অবস্থান কর্মসূচি চলছিল। গতকাল শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে পুলিশের সামনেই ছাত্রলীগের একদল কর্মী তাঁদের কর্মসূচিতে হামলা চালান।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ছাত্রলীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সভাপতি দারুস সালাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা হামলায় অংশ নেন।
অবশ্য ছাত্রলীগ নেতা দারুস সালাম হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেন। তিনি দুপুর সোয়া ১২টার দিকে মুঠোফোনে এ প্রতিবেদকের কাছে দাবি করেন, তিনি সকাল থেকে হলে ছিলেন।
দারুস সালামের সঙ্গে যখন মুঠোফোনে কথা হচ্ছিল তখন এ প্রতিবেদকের সঙ্গে আরও কয়েকজন গণমাধ্যমকর্মী ছিলেন। তাঁদের একজন পাঁচ মিনিট পর ফোন দিলে ছাত্রলীগের এই নেতা বলেন, সকালে তিনি চানখাঁরপুল গিয়েছিলেন। আসার পথে টিএসসি সড়কদ্বীপের (ডাস) সামনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের সঙ্গে দেখা হয়। তখন শিক্ষার্থীদের বিক্ষোভও চলছিল।
এ বিষয়ে জানার জন্য ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলীর মুঠোফোনে বেশ কয়েকবার কল করা হলেও তিনি ফোন ধরেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মাঝে কয়েক দিন বিরতি দিয়ে গতকাল সকাল ১০টার দিকে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন। তাঁরা অন্তত পরবর্তী এক বছরের জন্য হলেও দ্বিতীয় দফা ভর্তির সুযোগ দেওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন। এর আধা ঘণ্টা পর পুলিশ এসে তাঁদের সরে যেতে বলে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, ওই সময় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাহেব আলী তাঁদের বলেন যে এখান থেকে না সরলে ছাত্রলীগ দিয়ে মার খাওয়াবেন। কিন্তু শিক্ষার্থীরা সেখান থেকে নড়েননি। এর কিছুক্ষণ পর পুলিশের উপস্থিতিতে কয়েকজন যুবক এসে আন্দোলনকারীদের কাছে জানতে চান তাঁরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না। জবাবে শিক্ষার্থীরা জানান, তাঁরা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার পরীক্ষা দিয়ে সুযোগ পাননি। তখন ওই যুবকেরা বলেন, যাঁরা বিশ্ববিদ্যালয়ে পড়েন না, তাঁরা এখানে আন্দোলন করতে পারবেন না। এখান থেকে চলে যেতে হবে। এ নিয়ে দুই পক্ষের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের ব্যানার, ফেস্টুন কেড়ে নিয়ে তাঁদের কিল, ঘুষি ও চড়-থাপড় মারতে থাকেন ওই যুবকেরা।
হামলার মুখে শিক্ষার্থীরা সেখান থেকে সরে যান। কিছুক্ষণ পর তাঁরা আবার ফিরে এসে রাজু ভাস্কর্যের সামনে রাস্তায় বসে পড়েন। তাঁরা ‘পুলিশ ও ছাত্রলীগ দিয়ে হামলা করে বিক্ষোভ থামবে না’ বলে স্লোগান দিতে থাকেন। বিকেল সাড়ে চারটার দিকে তাঁরা অবস্থান কর্মসূচি শেষ করেন।
পুলিশের উপস্থিতিতে হামলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাহেব আলী দাবি করেন মারধরের কোনো ঘটনা ঘটেনি। তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘মারধর করলে কি তাঁরা (শিক্ষার্থীরা) থাকতে পারতেন?’ তবে তাঁদের সরে যেতে বলা হয়েছে বলে স্বীকার করেন এই পুলিশ কর্মকর্তা।