আন্দোলনরত শিক্ষার্থীদের পেটাল পুলিশ, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দফা ভর্তির সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। আজ রোববার শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দফা ভর্তির সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। আজ রোববার শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশ লাঠিপেটা করে ও জলকামান ব্যবহার করেছে। লাঠির আঘাতে অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। এ ছাড়া পুলিশ তিন শিক্ষার্থীকে আটক করেছে। আজ রোববার শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে।

আটক শিক্ষার্থীরা হলেন রিয়াজুল ইসলাম, আহসান হাবীব ও ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক জিলানী শুভ।

এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ জলকামান থেকে পানি ছোড়ে। ছবি: ফোকাস বাংলা
এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ জলকামান থেকে পানি ছোড়ে। ছবি: ফোকাস বাংলা

আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজ তাঁদের প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কথা ছিল। এরই অংশ হিসেবে সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশ কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আটজন আহত হন। বেলা একটার দিকে শিক্ষার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে যায়। স্মারকলিপি দেওয়া শেষে বেলা দুইটার দিকে তাঁরা আবার শাহবাগে ফিরে আসেন। এর কিছুক্ষণ পরই বেলা সোয়া দুইটার দিকে শিক্ষার্থীদের আচমকা লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় তাঁদের ওপর জলকামান থেকে পানি ছোড়া হয়। সেখান থেকে তিনজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সাহেব আলীর ভাষ্য, শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে প্রথমে ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশ জলকামান ব্যবহার করতে বাধ্য হয়। সেখান থেকে তিনজনকে আটক করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের একজন রাজু আহমেদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলাম। কিন্তু পুলিশ বারবার আমাদের ওপর হামলা করেছে।’ তিনি আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান।