আন্দোলনরত শ্রমিকদের কারখানায় রেখে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের একটি পোশাক কারখানায় গতকাল বৃহস্পতিবার বেতন-বোনাসের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের তালা মেরে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাভার বাসস্ট্যান্ড এলাকার চৌরঙ্গী সুপার মার্কেটের পাঁচ ও ছয় তলার অ্যাডরন নিটওয়ার লিমিটেডের আড়াই শ শ্রমিক গত জুলাই মাস থেকে বেতন পান না। তাঁদের ঈদের বোনাসও দেওয়া হয়নি। এসব কারণে শ্রমিকেরা কয়েক দিন ধরে আন্দোলন করে আসছিলেন। শ্রমিকদের আন্দোলনের মুখে মালিকপক্ষ বেতন ও বোনাস গতকাল পরিশোধের আশ্বাস দিয়েছিল। কিন্তু দিনভর বসিয়ে রেখে গতকালও তাঁদের বেতন-বোনাস পরিশোধ করা হয়নি।
কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, কাজ শেষে গতকাল বিকেলে তাঁরা বেতন-বোনাসের জন্য অপেক্ষা করতে থাকেন। ঘণ্টা খানেক অপেক্ষা করার পরেও মালিকপক্ষের লোকজন টাকা নিয়ে কারখানায় উপস্থিত না হওয়ায় তাঁরা বিক্ষোভ করতে থাকেন। এ অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভবনের মালিক তাঁদের ভেতরে রেখে বাইরে থেকে কারখানার মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। একপর্যায়ে তাঁরা ফটক ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে চিরকুট লিখে তা জানালা দিয়ে কারখানার বাইরে ফেলে স্থানীয়দের সহায়তা কামনা করেন।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, ভবনে ত্রুটি ধরা পড়ায় কলকারখানা অধিদপ্তর এটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। বিষয়টি বায়ার ও ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে অধিদপ্তর থেকে। তবু শ্রমিকদের বকেয়া পরিশোধের জন্য কারখানাটি কোনোরকমে সচল রাখা হয়েছিল। তবে অর্থের সংস্থান না হওয়ায় বেতন ও বোনাসের টাকার জন্য যন্ত্রসহ মালামাল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। সম্ভবত এ কারণেই ভবন মালিক কারখানায় তালা ঝুলিয়ে দেন।
এ ব্যাপারে কথা বলার জন্য গতকাল ভবন মালিক বা তাঁর কোনো প্রতিনিধিকে পাওয়া যায়নি। মার্কেটের দ্বিতীয় তলায় ভবন মালিকের কার্যালয়ে গিয়েও তালা ঝুলতে দেখা যায়।
শিল্প পুলিশের আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাঁদের বেতন-বোনাস পরিশোধের চেষ্টা করা হচ্ছে।