আন্দোলনরত ১০ শিক্ষার্থীকে ধরেছে পুলিশ
তনুসহ সারা দেশে চলমান গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে আজ সোমবার সারা দেশে আধা বেলা হরতাল পালিত হয়েছে। হরতালে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে থানায় নিয়ে গেছে পুলিশ। শিক্ষার্থীরা বলছেন, পুলিশ লাঠিপেটা করে তাঁদের সরিয়ে দেয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আকবর আলী খানের ভাষ্য, আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এতে চার পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয়। ঘটনাস্থল থেকে ১০ জনকে থানায় নেওয়া হয়েছে। তাঁদের আটক বা গ্রেপ্তারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড় এলাকা অবরোধ করেন শিক্ষার্থীরা। দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল প্রায় বন্ধ ছিল।
প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য আজ হরতাল ডাকে। সকাল ছয়টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ শুরু হয়। এতে প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা অংশ নেন। দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ মোড়ে অবরোধ চলে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে জানান, তনু হত্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যাসহ সারা দেশে সংঘটিত বিভিন্ন হত্যার বিচারের দাবিতে তাঁরা অবরোধ করছেন।
গত ২০ মার্চ রাতে তনুর লাশ কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো ওই হত্যাকাণ্ডের রহস্যের কোনো কিনারা করতে পারেনি।
আরও জানতে পড়ুন:
আজ সারা দেশে আধা বেলা হরতাল