আপত্তিকর প্রচারপত্র বিতরণ, থানায় জিডি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ মহিলা কলেজে গত শনিবার দুই তরুণী আপত্তিকর প্রচারপত্র বিতরণ করেছেন। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. মহির উদ্দিন তালুকদার গত রোববার রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ ঘটনার পর কলেজে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। রোববার কলেজটির অধ্যক্ষ বলেন, বোরকা পরা দুই মেয়ে একটি শ্রেণিকক্ষে ঢুকে প্রচারপত্র বিতরণ করে দ্রুত চলে যান। পরে কলেজছাত্রীদের হাত থেকে নিয়ে শিক্ষকেরা দেখেন, প্রচারপত্রটিতে ধর্মবিষয়ক আপত্তিকর লেখা। প্রচারপত্রে আবহ ফাউন্ডেশনের নাম লেখা থাকলেও কোনো ঠিকানা ছিল না। স্থানীয় লোকজনও এ ফাউন্ডেশনের ঠিকানা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।
অধ্যক্ষ বলেন, পরে তাঁরা জানতে পারেন ওই দুই তরুণীর মধ্যে একজন এ কলেজেরই একাদশ শ্রেণির ছাত্রী। অন্যজন ঈশ্বরগঞ্জে অবস্থিত একটি বেসরকারি কলেজের ছাত্রী বলে তাঁরা জানতে পেরেছেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান বলেন, এ ঘটনায় জিডি হওয়ার পর তাঁরা বিষয়টি তদন্ত করে দেখছেন।