আপত্তিকর ভিডিওচিত্র মুঠোফোনে, গ্রেপ্তার ২
জামালপুর সদর উপজেলায় আপত্তিকর ভিডিওচিত্র মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত শুক্রবার রাতে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন গোপালপুর গ্রামের আলাল উদ্দিন (২৩) ও রাকিব মিয়া (২১)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, তিন বছর আগে এক নারীর সঙ্গে একই উপজেলার এক ব্যক্তির বিয়ে হয়। এর কয়েক মাস পর তাঁদের তালাক হয়। স্বামীর সঙ্গে ওই নারীর একটি অন্তরঙ্গ ভিডিওচিত্র ছিল। চিত্রটি গ্রেপ্তার হওয়া দুই তরুণ শুক্রবার সকালে বিভিন্নজনের মুঠোফোনে ছড়িয়ে দেন। এ ঘটনায় ওই নারী দুই তরুণকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহনেওয়াজ বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিওচিত্রটি কীভাবে তাঁদের মুঠোফোনে এল, সে তদন্ত চলছে। তাঁদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।