আপত্তিকর ভিডিওর জের, কুষ্টিয়ায় আ.লীগ নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়।

জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ইন্টারনেটে মোমিজের আপত্তিকর ভিডিও প্রকাশ পেয়েছে। এ নিয়ে কথা বলতেও লজ্জা করছে। এটা দলীয় শৃঙ্খলা ভঙ্গের পর্যায়ে পড়ে।’ আজ দুপুরে বঙ্গবন্ধু মার্কেটে দলীয় কার্যালয়ে জরুরি সভায় মোমিজকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
রবিউল ইসলাম জানান, মোমিজকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে একটি নোটিশ পাঠানো হয়েছে। এক সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে। জবাব পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

ইন্টারনেটে মোমিজের আপত্তিকর ভিডিও-সংক্রান্ত খবর আজ গণমাধ্যমে প্রকাশিত হয়। এ নিয়ে দলের নেতারা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।

অভিযোগের ব্যাপারে জানতে মোমিনুর রহমান মোমিজের মোবাইলে ফোন দিয়ে সেটি বন্ধ পাওয়া গেছে।