আপন দুই ভাইকে গলা টিপে হত্যা!
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক তরুণ তাঁর ছোট দুই ভাইকে গলা টিপে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পাশের একটি বিল থেকে দুজনের লাশ গতকাল শনিবার সকালে উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ওই তরুণকে গ্রেপ্তার করেছে।
নিহত দুজন হলো উপজেলার লক্ষ্মীনগর গ্রামের ইদ্রিছ আলীর ছেলে আজিজুর রহমান (১০) ও মতিউর রহমান (৮)। হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তাদের আপন ভাই নুরুল ইসলাম (২৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার বেলা দুইটার দিকে বেড়ানোর কথা বলে আজিজুর ও মতিউরকে নিয়ে বাড়ি থেকে বের হন নুরুল ইসলাম। একপর্যায়ে তিনি দুজনকেই গলা টিপে হত্যা করে বাড়ির পাশের বিলে ফেলে রেখে পালিয়ে যান। দীর্ঘ সময় গেলেও বাড়ি না ফেরায় তিন ছেলেকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন পরিবারের অন্য সদস্যরা। রাতে উপজেলার মাটিকাঁপা গ্রামে নুরুলের সন্ধান পেয়ে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন। এর মধ্যে গতকাল সকালে আজিজুর ও মতিউরের লাশ বিলের পানিতে ভেসে ওঠে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নুরুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই ভাইকে গলা টিপে হত্যা করার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় বাবা ইদ্রিছ আলী বাদী হয়ে গতকাল বিকেলে তাঁর বিরুদ্ধে একটি মামলা করেছেন। টাকা চেয়ে না পেয়ে বাবা-মায়ের সঙ্গে মনোমালিন্যের জের ধরেনুরুল এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশ জানতে পেরেছে।