আপনজন ভেবে খেত থেকে একটি শসা খাওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় শসা চুরি করে খাওয়ার অভিযোগে গত রোববার এক কিশোরকে পিটিয়ে আহত করা হয়েছে। পরে মৃত ভেবে তাকে নদীতে ফেলে দেওয়া হয়। আহত কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত কিশোরের নাম ফোরহাদ হোসেন (১৪)। সে উপজেলার সদর ইউনিয়নের বেলকুচি গ্রামের গোলাম হোসেনের ছেলে।
কয়েকজন গ্রামবাসী গতকাল বলেন, বেলকুচি গ্রামের শহিদুল ইসলাম ইসামতির নদীর তীরে ১০ শতক জমিতে শসা চাষ করেছেন। রোববার বেলা ১১টার দিকে ফোরহাদ হোসেন ওই জায়গায় ছাগলের জন্য ঘাস আনতে যায়। এ সময় সে জমি থেকে একটি শসা তুলে খেতে থাকে। তখন ফোরহাদকে শসাসহ ধরে ফেলেন শহিদুল। পরে তাকে লাঠি দিয়ে পেটাতে থাকেন তিনি। একপর্যায়ে ফোরহাদ অচেতন হয়ে পড়ে গেলে তাকে মৃত ভেবে জমির পাশেই ইছামতী নদীর কচুরিপানার মধ্যে ফেলে দেন তিনি। পরে স্থানীয় লোকজন দুপুর ১২টার দিকে ফোরহাদকে অচেতন অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ফোরহাদ বলে, ‘আমি গ্রামের পাশের বাড়ির মানুষ ভাইবা তার জমি থাইকা ছোট একটি শসা তুইলা খাইতেছিলাম। এ সময় শহিদুল লাঠি নিয়া আইসা আমারে পিটাইতে থাকে। আমি বারবার ভুল স্বীকার কইরা মাফ চাইলাম। কিন্তু সে আমারে আরও বেশি কইরা পিটাইতে থাকে। কখন যে জ্ঞান হাইরা গেছে আমি কইতে পারি না।’
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ফোরহাদের শরীরে লাঠি দিয়ে মারধরের জখম আছে।
গতকাল সোমবার সকালে বেলকুচি গ্রামে শহিদুল ইসলামের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। এ সময় তাঁর স্ত্রী নুরজাহান খাতুন বলেন, ‘ফোরহাদ আমাইগরে জমি থাইকা অনেক দিন ধইরা শসা চুরি কইরা খায়। কাল তাকে হাতেনাতে ধইরা মারধর করছে। পানিতে ফেইলা দেওয়ার কথা ঠিক না।’
ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনা জানতে পেরে তিনি কিশোরের পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলেছেন। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ফোরহাদ হোসেনের বাবা গোলাম হোসেন বলেন, গ্রামের মাতবরদের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ করা হবে।