অশ্লীল ভিডিও ধারণকারীদের বিরুদ্ধে মামলা করায় সিলেটের জৈন্তাপুর উপজেলার সেই কলেজছাত্রীকে শিক্ষকতার চাকরি হারাতে হয়েছে। ঘটনার প্রায় ছয় মাস পর গত ২৮ অক্টোবর ছাত্রীর মা বাদী হয়ে ভিডিও ধারণকারী দুই তরুণকে আসামি করে মামলা করেন। ২৯ অক্টোবর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ‘তোমার চাকরি নেই’ বলে ছাত্রীকে বিদ্যালয়ে আসতে নিষেধ করেন।
ছাত্রীর অভিযোগ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামসুজ্জামান মামলার প্রধান আসামি ইমরান আহমদের চাচা। মামলা না করে ঘটনাটি আপস নিষ্পত্তি করতে তিনি প্রস্তাব দিয়েছিলেন। মামলা করায় তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। তবে শামসুজ্জামান এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, মেয়েটি আসলে শিক্ষক হিসেবে বিদ্যালয়ে চাকরি করেনি। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী হিসেবে খণ্ডকালীন ক্লাস নিত। এটা মৌখিক ছিল। একটা খারাপ ঘটনা ঘটায় তাঁকে বিদ্যালয়ে আসতে নিষেধ করে দেওয়া হয়েছে মাত্র। এখানে চাকরিচ্যুত করার কোনো ঘটনাই ঘটেনি।
ছাত্রীর পরিবার ও পুলিশ সূত্র জানায়, সিলেটের একটি কলেজের স্নাতক শ্রেণির ওই ছাত্রী একটি বিদ্যালয়ে প্রায় আট মাস ধরে খণ্ডকালীন শিক্ষকতা করতেন। গত ১৪ এপ্রিল তাঁর চাচাতো ভাইকে নিয়ে জৈন্তাপুরের পর্যটনকেন্দ্র লালাখালে বেড়াতে যান। এ সময় দুই তরুণ তাঁদের সুন্দর জায়গা দেখানোর নাম করে নির্জন একটি জায়গায় নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ছাত্রীর বিবস্ত্র ভিডিওচিত্র ধারণ করে।
সম্প্রতি দরবস্ত ইউনিয়নের তেলিজুড়ি গ্রামের ইমরান আহমদ ও জসিম উদ্দিন নামের দুই তরুণ তাঁদের মুঠোফোনে ভিডিও নিয়ে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়। না মানলে ভিডিওটি তারা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকিও দেয়। গত ২৮ অক্টোবর ওই ছাত্রীর মা ইমরান ও জসিমকে আসামি করে জৈন্তাপুর থানায় মামলা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানটি সভাপতিনিয়ন্ত্রিত। সব খরচ উনি বহন করেন। এ জন্য তাঁর কথামতো বিদ্যালয় পরিচালিত হয়। সভাপতি যেভাবে বলে দিয়েছেন, আমরাও ঠিক সেভাবেই মেয়েটিকে বলে দিয়েছি।’
তবে ওই ছাত্রীর পক্ষে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস’ সিলেটের সাধারণ সম্পাদক রাকেশ রায় জানান, ওই ছাত্রীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়ে পরে স্থায়ী করা হবে বলে শিক্ষকতার চাকরি দেওয়া হয়েছিল।