আফগানিস্তানফেরত জঙ্গিরাও নাশকতা করছে: বেনজীর আহমেদ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ পেট্রলবোমায় মানুষ মারা যাওয়া এবং জঙ্গি তৎপরতার বিষয়ে বলেছেন, বাংলাদেশের অনেক জঙ্গি আফগানিস্তানে তালেবানদের সঙ্গে থেকে জঙ্গিবাদী অপকর্ম করেছে। জাতীয় ও আন্তর্জাতিক প্রভাবে ওই সব জঙ্গিরা এখন বাংলাদেশে নাশকতা করছে।
আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে ময়মনসিংহ সার্কিট হাউসের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বেনজীর এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক আরও বলেন, তবে বর্তমান পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। এসব অপকর্ম পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে তাঁরা নতুন কিছু কৌশল নিয়েছেন।
র্যাবপ্রধান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতায় মৌলবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এমন শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে সরকার ও দেশপ্রেমী জনগণের শক্তি অপরিসীম। তাই মৌলবাদীদের দমন করাও কঠিন কাজ নয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, র্যাব-১৪–এর অধিনায়ক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মঈনুল হক প্রমুখ।
এর আগে বেলা ১১টার দিকে বেনজীর আহমেদ হেলিকপ্টারে ময়মনসিংহে আসেন। তিনি ময়মনসিংহে র্যাব-১৪–এর নিজস্ব কার্যালয়ের জন্য নির্ধারিত জমি পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।