আফগানিস্তানে ব্র্যাকের দুই কর্মকর্তাকে অপহরণ
আফগানিস্তানে ব্র্যাকের দুই কর্মকর্তাকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এখন পর্যন্ত এই অপহরণের দায় দেশটির কোনো গোষ্ঠী স্বীকার করেনি। এমনকি অপহরণের পর কোনো দাবি বা মুক্তিপণ চেয়ে অপহরণকারীরা যোগাযোগ করেনি।
তাঁরা হলেন প্রকৌশল বিভাগের কর্মকর্তা শওকত আলী ও হিসাবরক্ষণ বিভাগের কর্মকর্তা সিরাজুল ইসলাম। এদের সঙ্গে আফগান এক কর্মকর্তাকেও অপহরণ করা হয়। যদিও পরে অপহরণকারীরা তাঁকে ছেড়ে দিয়েছেন। তবে বাংলাদেশি দুই কর্মকর্তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।
ব্র্যাকের জনসংযোগ শাখার কর্মকর্তা মাহবুবুল কবির প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।
কবির বলেন, আফগান সময় গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় তাঁদের অপহরণ করা হয়। দুই কর্মকর্তা দেশটির কুন্দুজে ব্র্যাকের কার্যক্রম পরিদর্শন শেষে বাগলানের কার্যালয়ে ফিরছিলেন। পথিমধ্যে তাঁদের অপহরণ করা হয়। তিনি বলেন, অপহরণের পর কেউই কোনো ধরনের যোগাযোগ করেনি। বিষয়টি ব্র্যাকের পক্ষ থেকে দেশটির দায়িত্বশীল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ব্র্যাক আফগান ও বাংলাদেশের পক্ষ থেকে দুই কর্মকর্তাকে উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে।