আফগানিস্তানে ব্র্যাকের দুই বাংলাদেশি কর্মকর্তা অপহৃত

বাংলাদেশের বেসরকারি সংস্থা ব্র্যাকের দুই কর্মকর্তা আফগানিস্তানে অপহৃত হয়েছেন। তাঁরা হলেন ব্র্যাকের আফগানিস্তান শাখার প্রকৌশল বিভাগের কর্মকর্তা শওকত আলী (৫০) এবং হিসাবরক্ষণ বিভাগের কর্মকর্তা সিরাজুল ইসলাম (৩৭)। গত বৃহস্পতিবার বিকেলে আফগানিস্তানের কুন্দুজ থেকে বাগলানে ফেরার সময় তাঁদের অপহরণ করে দুর্বৃত্তরা।
অপহৃত দুই কর্মকর্তাকে উদ্ধারে আফগানিস্তান ও বাংলাদেশের পক্ষ থেকে জোর তৎপরতা চলছে বলে ব্র্যাক গতকাল শুক্রবার জানিয়েছে। অপহৃত দুজনের পরিবার তাঁদের উদ্ধারে সরকারের কাছে সহযোগিতা চেয়েছে।
ব্র্যাকের জনসংযোগ শাখার ব্যবস্থাপক মাহবুবুল আলম কবির গতকাল প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার আফগানিস্তানের সময় বিকেল চারটার দিকে ব্র্যাকের আফগান শাখার কর্মকর্তা শওকত আলী ও সিরাজুল কুন্দুজে ব্র্যাকের কার্যক্রম পরিদর্শন শেষে গাড়িতে বাগলানের কার্যালয়ে ফিরছিলেন। তাঁদের সঙ্গে আফগান এক কর্মকর্তাও ছিলেন। পথে দুর্বৃত্তরা তাঁদের অপহরণ করে। আফগান কর্মকর্তাকে অপহরণকারীরা পরে ছেড়ে দিলেও বাংলাদেশি দুই কর্মকর্তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। তিনি আরও বলেন, আফগানিস্তানের কোনো গোষ্ঠী গতকাল পর্যন্ত এই অপহরণের দায় স্বীকার করেনি। এমনকি অপহরণের পর কোনো দাবি বা মুক্তিপণ চেয়ে অপহরণকারীরা এখনো যোগাযোগ করেনি। বিষয়টি ব্র্যাকের পক্ষ থেকে আফগানিস্তানের দায়িত্বশীল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দুই কর্মকর্তাকে উদ্ধারে আফগানিস্তান ও বাংলাদেশের পক্ষ থেকে জোর তৎপরতা চলছে।
আমাদের পাবনা অফিস জানায়, আফগানিস্তানে অপহৃত সিরাজুল ইসলামের বাড়ি পাবনার সদর উপজেলার দুবলিয়া গ্রামে। গতকাল বিকেলে ওই গ্রামে তাঁর বাড়ির দোতলায় ঢুকে দেখা যায়, তাঁর বৃদ্ধা মা শাহনাজ বেগম কাঁদছেন। দোতলায় সিরাজুলের বাবা, মা ও স্ত্রী থাকেন। ছেলে অপহরণের খবর শোনার পর থেকে শাহনাজ বেগম কাঁদছেন। স্বজনেরা বললেন, সিরাজুলের পুরো পরিবার এখন উৎকণ্ঠা, উদ্বেগ ও আতঙ্কে সময় কাটাচ্ছে।
সিরাজুলের স্ত্রী লতা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, স্বামীর সঙ্গে মুঠোফোনে (হোয়াটসঅ্যাপ, ট্যাঙ্গো ও ভাইবার) তাঁর যোগাযোগ হতো। অধিকাংশ সময় তাঁরা পরস্পরকে খুদে বার্তা (এসএমএস) পাঠাতেন। বৃহস্পতিবার বিকেল থেকে সিরাজুলের সব অ্যাপ বন্ধ পাওয়া যায়। বিকেল চারটার দিকে সিরাজুলের সহকর্মী খুদে বার্তা পাঠিয়ে তাঁকে অপহরণের খবর জানান। এরপর থেকে তিনি আর কোনো খবর পাননি।
সিরাজুলের বাবা এজিম উদ্দিন খান বলেন, তাঁর পাঁচ ছেলেমেয়ের মধ্যে সিরাজুল তৃতীয়। ২০১১ সাল থেকে তিনি আফগানিস্তানে রয়েছেন। ঘটনার আগের দিনও ছেলের সঙ্গে তাঁদের সবার কথা হয়েছে। অপহরণের খবর শোনার পর থেকে পুরো পরিবার এখন দুশ্চিন্তা ও আতঙ্কে কাটাচ্ছে।
অপহৃত অপরজন শওকত আলীর বাড়ি পাবনার ফরিদপুর উপজেলার হাংলাগাড়ি গ্রামে। তাঁর মা ও স্ত্রী-সন্তানেরা ঢাকায় থাকেন। এ কারণে তাঁদের গ্রামের বাড়ি তালাবদ্ধ। অপহরণের খবর শোনার পর শওকত আলীর স্বজন ও প্রতিবেশীরা উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন।
শওকত আলীর মেয়ে ফাতেমাতুজ জোহরা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বাবাকে নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি। সবাই খুব হতাশায় রয়েছি। আমরা সরকারের কাছে বাবাকে ফিরিয়ে আনার জন্য সহযোগিতা প্রার্থনা করছি।’
শওকত আলীর ছোট ভাই সরকার মোহাম্মদ আলী জানান, ভাইয়ের স্ত্রী ও সন্তানদের সঙ্গে মা ঢাকায় থাকেন। দীর্ঘদিন ধরে তাঁর মা (রওশন আরা) ক্যানসারে আক্রান্ত। অধিকাংশ সময় অসুস্থ থাকেন। ভাই অপহৃত হওয়ার পর তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন। পরিবারের সবাই এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
শওকতের চাচা ইয়াকুব আলী বলেন, শওকত পাঁচ বছর ধরে আফগানিস্তানে থাকেন। গত মাসে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন। ১৫-১৬ দিন আগে আবার আফগানিস্তানে গেছেন।