আফতাবনগরে গুলি-গ্রেনেড উদ্ধার
রাজধানীর আফতাবনগর এলাকা থেকে ৫৪০ রাউন্ড গুলি ও তিনটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। আজ সোমবার রাতে বাড্ডা থানা-পুলিশ আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, আফতাব নগরের নিচু এলাকায় মাটি ফেলে প্লট তৈরি করা হচ্ছে। প্রতিদিন রাতে ট্রাকে করে মাটি ফেলা হয়। দিনে মাটি সমান করার কাজ করা হয়। আজ বিকেল মাটি সমান করার সময় সেখানকার কয়েকজন শ্রমিক মাটির নিচে কয়েকটি গুলি দেখে পুলিশ খবর দেন। পরে পুলিশ ওই এলাকা ঘিরে তল্লাশি শুরু করে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল প্রথম আলোকে বলেন, তল্লাশিতে পাওয়া গুলিগুলো পুরোনো, মরিচা পড়া। ৪০ রাউন্ড গুলির সামনের অংশ খসে পড়েছে। ৫০০ রাউন্ড অক্ষত অবস্থায় আছে। ধারণা করা হচ্ছে, সবগুলো গুলিই থ্রি-নট-থ্রি রাইফেলের। এ ছাড়াও তল্লাশিতে তিনটি পুরোনো গ্রেনেড পাওয়া গেছে। ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল এসে গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করেছে।
ওসি বলেন, মিরপুর, মালিবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বালু এনে এখানে ফেলা হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ট্রাকে আনা বালুর সঙ্গেই গুলি ও গ্রেনেডগুলো এসেছে। তিনি বলেন, ওই এলাকা ঘিরে রাখা হয়েছে। আগামীকাল সকাল থেকে আবার তল্লাশি শুরু করা হবে।