আফসানার মৃত্যুর ২ মাস পর মামলা
অবশেষে মামলা হলো ফেরদৌস আফসানার মৃত্যুর ঘটনায়। মৃত্যুর প্রায় দুই মাস পর ১১ অক্টোবর নিহত আফসানার ভাই বাদী হয়ে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করেন। মামলায় আত্মহত্যার প্ররোচনা ও লাশ গুমের অভিযোগ আনা হয়েছে তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ওরফে রবিনসহ পাঁচজনের বিরুদ্ধে।
মিরপুরের একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী ছিলেন ফেরদৌস আফসানা। বাড়ি ঠাকুরগাঁওয়ে। গত ১৩ আগস্ট বিকেলে মিরপুরের আল-হেলাল হাসপাতালে তাঁর লাশ রেখে পালিয়ে যান তিন যুবক। পরে অন্য দুই যুবক ওই রাতে ফোন করে ঠাকুরগাঁওয়ে থাকা আফসানার পরিবারকে তাঁর মৃত্যুর বিষয়টি জানান। তার আগেই পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে অজ্ঞাতনামা হিসেবে মর্গে পাঠায়। আফসানার মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
কাফরুল থানার ওসি শিকদার মো. শামীম হোসেন গতকাল রাতে বলেন, আফসানার ভাই ফজলে রাব্বী বাদী হয়ে থানায় মামলাটি করেন। ওই ঘটনায় আগেই তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রধান আসামি হাবিবুর রহমান এখনো পলাতক।
কাফরুল থানার পুলিশ জানায়, মামলায় ছাত্রলীগ নেতা হাবিবুরকে প্রধান আসামি করা হয়েছে। আসামির তালিকায় আরও আছে হাবিবুরের বাবা আবদুল হাই, বন্ধু মশিউর রহমান, সিফাতুল হক ও আশিকুল ইসলামের নাম। এর মধ্যে সিফাতুল, আশিকুল ও মশিউর গ্রেপ্তার রয়েছেন।
তদন্ত–সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, সিফাতুল ও আশিকুলের ছবি আল–হেলাল হাসপাতালের ক্যামেরায় ধরা পড়েছে। আফসানার লাশ হাসপাতালে নেওয়ার সময় এই দুজন ছিলেন। এ ছাড়া আরেকজন মশিউরও হাবিবুরের সঙ্গে ছিলেন।