আফ্রিকায় অপহৃত নাফিজ মুক্ত
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অপহৃত মো. নাফিজকে গতকাল রোববার সন্ধ্যায় ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। এ ঘটনায় এক নারীকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুই দিনের রিমান্ডে নিয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মির্জা আবদুল্লাহেল বাকী গতকাল প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অপহরণের ঘটনায় বাংলাদেশে গ্রেপ্তার হওয়া আলেয়া বেগমকে চার দিনের রিমান্ডে নেওয়ার জন্য ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে আবেদন করা হয়। গতকাল আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আগামীকাল (আজ সোমবার) তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া এ ঘটনায় দক্ষিণ আফ্রিকার পুলিশ আলেয়ার স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে৷
জানতে চাইলে জোহানেসবার্গ থেকে গতকাল রাতে টেলিফোনে নাফিজের বোন রাজিয়া হোসেন প্রথম আলোকে বলেন, ‘অপহরণকারীরা নাফিজকে ছেড়ে দিয়েছে বলে জানতে পেরেছি। তবে তাঁকে আমাদের কাছে এখনো ফিরে পায়নি। তার সঙ্গেও কথা হয়েছে। ফিরে না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’
সিআইডি জানায়, নাফিজ পেশায় ব্যবসায়ী। বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায়।