আবদুল্লাপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার অদূরে আবদুল্লাহপুর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম মো. সাহেদ (২২)। গতকাল বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত সাহেদ পেশায় নির্মাণশ্রমিক। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকতেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাভেদ মাসুদ আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, গতকাল রাতে রুপগঞ্জ থেকে আবদুল্লাহপুরে এসেছিলেন তিনি। কিন্তু কেন এসেছিলেন, তা জানা যায়নি। গতকাল গভীর রাতে ডিএমপির উত্তরা থানা–পুলিশ রক্তাক্ত অবস্থায় সাহেদকে টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
ওসি জাভেদ মাসুদ বলেন, ধারণা করা হচ্ছে, টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিতেই ছিনতাইকারীরা তাঁকে খুন করে। সাহেদের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়।