আবদুল্লাহপুর খালে অবৈধ বাঁধ

উত্তরার আবদুল্লাহপুর খালে বালুর বস্তার বাঁধ। স্থানীয় লোকজন বাঁধের ওপর দিয়েই বাড়ি তৈরির নির্মাণসামগ্রী আনা-নেওয়া করছেন। পাশেই আরেকটি ভাঙাচোরা অব্যবহৃত বাঁশের সাঁকো। এলাকার মানুষ এখন সাঁকোর পরিবর্তে বালুর বাঁধ দিয়েই যাতায়াত করেন। অনেকে আবার খালের স্বল্প পানিতে নৌকা চালিয়ে এপার থেকে ওপারে যাচ্ছেন।
দৃশ্যটি আবদুল্লাহপুর খালের টেকপাড়া অংশের। খালপাড় ঘুরে দেখা যায়, ১২ নম্বর সেক্টরের রূপায়ণ সিটি গেট থেকে ১০ নম্বর সেক্টর স্লুইসগেট পর্যন্ত অংশে খালজুড়ে ছড়িয়ে আছে শক্ত আবর্জনা। স্থানীয়রাই এ আবর্জনা ফেলছে। বালু ও সুরকির বস্তা দিয়ে তিন জায়গায় বাঁধ তৈরি করা হয়েছে। একটি বাঁধ বাদে অন্য দুটি কোনো কাজেই আসে না। বিভিন্ন জায়গায় বাঁধ দেওয়ায় খালে পানিপ্রবাহ একেবারেই কমে গেছে। আরও আছে কয়েকটি বাঁশের সাঁকো। কয়েকজন মহল্লাবাসী জানান, প্রভাবশালী স্থানীয়রাই ব্যক্তি সুবিধার্থে বাঁধ ও সাঁকো দিয়েছে।
স্থানীয় চায়ের দোকানি আমুর উদ্দিন ব্যাপারী বলেন, ‘বিত্তশালীরাই বাঁধ দিছে। মালামাল আনা-নেওয়া করে।’
খালের দক্ষিণ পাশে আছে উত্তরার হরিরামপুর ইউনিয়নের টেকপাড়া ও ফুলবাড়িয়া। উত্তর পাশে ১০ নম্বর ও ১১ নম্বর সেক্টর। আর দক্ষিণ-পশ্চিম পাশে ১২ নম্বর সেক্টর। খালপাড় ধরে হাঁটলে চোখে পড়ে, খাল প্রায় শুকিয়ে গেছে। গভীরতা কমে গেছে। বিভিন্ন জায়গায় পলিথিন, কাগজ, প্লাস্টিকসহ গৃহস্থালি বর্জ্যের ছোট-বড় স্তূপ। কুচকুচে কালো পানি। দুর্গন্ধে ভারী হয়ে আছে এলাকার বাতাস।
স্থানীয় বাসিন্দা রহিমা বানু বলেন, ‘খালের পানি গায়ে লাগলে শরীর চুলকায়। ঘা-পাঁচড়া ওঠে। ময়লা সবাই ফালায়। তয় খালপাড়ের লোকজনই বেশি ফালায়।’ স্থানীয়রা জানান, আনুমানিক দুই বছর আগে ওয়াসা খাল পরিষ্কার করে। তবে ৮-১০ বছর হয়ে গেছে খাল খনন হয়নি। বাসাবাড়ির মনুষ্য বর্জ্য সরাসরি খালে এসে পড়ায় পানি থেকে দুর্গন্ধ যাচ্ছে না। ছড়াচ্ছে নানা রোগ-জীবাণু। বিরূপ পরিবেশের কারণে শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। গোটা পাড়ায় মশা ও মাছির উপদ্রপ খুব বেশি।
স্থানীয় দোকানি জহির উদ্দিন সরকার বলেন, ‘যারা ময়লা ফালায়, তারাই দুর্গন্ধের যন্ত্রণা ভোগ করে। কইয়া লাভ আছে? ময়লা ফালাইতে নিষেধ করলে উল্টো দুই কথা শুনাইয়া দেয়।’
বর্ষাকাল এলেই খালপাড়ের বাসিন্দাদের দুর্ভোগ বাড়ে। পাড় ছাপিয়ে পানি ঢোকে খালের দক্ষিণ পাশের এলাকায়। হাঁটুপানিতে ডুবে যায় টেকপাড়া আর ফুলবাড়িয়া। নষ্ট হয় ঘরের আসবাব। পানিবন্দী সময়ে অনেকে ঘরের মধ্যেই অস্থায়ী মাচা বানিয়ে দিনযাপন করে। সাপ, ব্যাঙসহ নান ধরনের জলজ প্রাণীর উৎপাত বাড়ে।
জানতে চাইলে উত্তরা ১০ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নূরুল আলম প্রথম আলোকে বলেন, খাল খনন করতে হবে। আবর্জনা পরিষ্কার করতে হবে। তাহলেই পানির প্রবাহ ঠিক থাকবে। তবে মশা-মাছির উপদ্রপ কমাতে হলে খালে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে।
খালের দায়িত্ব ঢাকা ওয়াসার। বিষয়গুলো জানালে ওয়াসার ড্রেনেজ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে এস চিং প্রথম আলোকে বলেন, ওই খালের বিভিন্ন অংশে নির্মাণকাজ চলছে। ফলে কোথাও কোথাও অস্থায়ী বাঁধ দিয়ে পানির গতিপথ পরিবর্তন করা হতে পারে। কাজ শেষ হতে ২০-২৫ দিন লাগবে। কাজ শেষে তাঁরা বাঁধ তুলে দেবেন। তখন খালের পানিতে প্রাকৃতিক প্রবাহ আসবে। তবে আবর্জনা ফেলা বন্ধে স্থানীয়দেরই সচেতন হতে হবে। তাদের সৃষ্টি করা সমস্যাতেই তারা ভুগছে। তারা সচেতন হলে এ সমস্যা থাকবে না।