আবদুল্লাহপুরে মাছ ব্যবসায়ীদের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরে মাছের আড়তে ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছেন বাজারের মালিক রেজাউল হাসান ও তাঁর বাহিনী। আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডের সুলতান শাহ মাছের আড়তে গত শনিবার দুপুরের দিকে এই হামলা করা হয়। হামলায় মোতালিব মৎস্য আড়তের মালিক ও ইউপি সদস্য মোতালিবসহ প্রায় ৩০ জন ব্যবসায়ী, কর্মচারী আহত হয়েছেন। তাঁদের উত্তরা পশ্চিম থানার পুলিশের নেতৃত্বে টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ইউপি সদস্য মো. মোতালিব বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মার্কেটের মালিক রেজাউল হাসান ও তাঁর ভাগনে রাসেলকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, রেজাউল পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে রেজাউল ও তাঁর ভাগনের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল বাজারে অবস্থানরত ব্যবসায়ী ও কর্মচারীদের ওপর হামলা চালায়। তারা ব্যবসায়ীদের দোকানপাট ভাঙচুর করে এবং ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকাসহ মালামাল লুটপাট করে। হামলাকারীরা মোতালিবের মাথায় ও শরীরে আঘাত করে। এতে তাঁর হাতের একটি আঙুল ভেঙে যায়।
উত্তরা পশ্চিম থানায় ১ অক্টোবর দায়েরকৃত মামলার এজাহারে ব্যবসায়ীরা উল্লেখ করেন, মালিকপক্ষ ব্যবসায়ীদের মতামত না নিয়ে কয়েক দফায় দোকানের ভাড়া বৃদ্ধি করে। সর্বশেষ গত মাসে দোকানের ভাড়া (দিনপ্রতি) আবারও বৃদ্ধি করা হলে ব্যবসায়ীরা বর্ধিত ভাড়া দিতে অস্বীকৃতি জানান। তাঁরা তাঁদের নিরাপত্তা জামানত বাবদ মালিকের কাছে আগাম জমা রাখা টাকা ফেরত চান এবং মার্কেটে আর ব্যবসা করবেন না বলে জানিয়ে দেন। কিন্তু মালিকপক্ষ জমা টাকা ফেরত না দিয়েই বাজার থেকে তাঁদের সরে যেতে বলে। ব্যবসায়ীরা দিনপ্রতি দোকানের ভাড়া না দিয়েই জামানতের টাকা উশুল করতে বাজারে ব্যবসা চালাতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে মালিকপক্ষ ব্যবসায়ীদের উচ্ছেদ করতে এ হামলা চালায় বলে পুলিশ জানায়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, থানায় দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন, দোকান ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মালিকপক্ষের বনিবনা না হওয়ায় মালিকপক্ষের লোকজন হয়তো এই হামলা করে।