আবদুস সালামের বিরুদ্ধে ৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা
দায়িত্বে থাকাকালে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রায় ৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার সকালে দুদকের উপপরিচালক সামছুল আলম তেজগাঁও থানায় মামলাটি করেন।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। মামলার এজাহারের বরাত দিয়ে তিনি বলেন, আবদুস সালামের বিরুদ্ধে ৩৩ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার ২৮৬ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
দুদকের উচ্চপর্যায়ের একটি সূত্র জানায়, ইটিভির বিজনেস প্রমোশন, আইনি বিষয়, বিনোদনসহ বিভিন্ন খাতে ভুয়া বিল দেখিয়ে আবদুস সালাম প্রায় ৩৪ কোটি টাকা আত্মসাৎ করেন বলে দুদকের প্রায় এক বছরের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। অনুসন্ধান কর্মকর্তার সুপারিশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কমিশন এ মামলার অনুমোদন দেয়।