আবর্জনার ভাগাড়ে মিলল তরুণীর পাঁচ টুকরো লাশ
চট্টগ্রামে অজ্ঞাতপরিচয় এক তরুণীর পাঁচ টুকরো লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে হালিশহর এলাকার আনন্দবাজার ডাম্পিং স্টেশন (ময়লা ফেলার জায়গা) থেকে লাশের টুকরোগুলো উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ওই তরুণীর বয়স আনুমানিক ৩০-৩২।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর অঞ্চল) জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আনন্দবাজার এলাকায় সিটি করপোরেশনের একটি ভাগাড় রয়েছে। সেখানে নগরের বিভিন্ন ডাস্টবিন থেকে সংগ্রহ করা ময়লা সেখানে ফেলা হয়। আবর্জনা ফেলতে গিয়ে শ্রমিকেরা একটি হাত, একটি পা, বুকের অংশ, মাথা ও হাঁটুর ওপরের অংশ দেখতে পান। পরে তাঁরা পুলিশে খবর দেন। লাশের টুকরাগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জাহিদুল ইসলাম বলেন, ওই তরুণীকে কয়েক দিন আগে হত্যা করা হয়েছে বলে আমাদের ধারণা। পরে লাশ টুকরো করে বস্তায় ভরে কোনো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। সেই ডাস্টবিনের আবর্জনা এ ডাম্পিং স্টেশনে ফেলা হয়। শ্রমিকেরা আবর্জনা নাড়াচাড়া করার সময় লশের খণ্ডিত কয়েকটি অংশ পাওয়া যায়। ওই বয়সী কোনো নারী নিখোঁজ হয়েছেন কি না, বিভিন্ন থানায় খোঁজ নেওয়া হচ্ছে। লাশের চেহারা বিকৃত হয়ে গেছে। এ ঘটনায় বন্দর থানায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে।