আবাদি জমিতে ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন অমান্য করে রংপুরের পীরগাছা উপজেলায় আবাদি জমির মাঝখানে অবৈধ ইটভাটায় দীর্ঘদিন ধরে ইট পোড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এতে আশপাশের জমির ফসলের ক্ষতি হচ্ছে বলে কৃষকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।
১৯৮৯ সালের ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন (সংশোধিত ২০০১) অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চল, আবাদি জমি ও জনবসতিপূর্ণ এলাকার তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন এবং ইট পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।
কিন্তু উপজেলা সদরে প্রবেশের পথে সদর ইউনিয়নে আবাদি জমির মাঝখানে ২০০৯ সালে নির্মাণ করা হয় এসএ ব্রিকস নামের এই ইটভাটা। এ জন্য পরিবেশ অধিদপ্তর থেকে কোনো ছাড়পত্রও নেওয়া হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইটভাটাটির আশপাশে সরিষাখেত, আলুখেত, ধানখেত, সবজিখেত রয়েছে। ইটভাটার ধোঁয়া, গ্যাস ধুলাবালুর কারণে এসব খেতের ফসলের ক্ষতি হয়।
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, ইটভাটাটিতে ইট পোড়ানো চলছে। এর আশপাশের ক্ষতিগ্রস্ত আবাদি জমির মালিকদের সঙ্গে কথা হয়। ভাটার উত্তর দিকে প্রায় এক একর জমিতে আলু আবাদ করেছেন আবদুল লতিফ। তিনি বলেন, ‘দেখতেই তো পাচ্ছেন কীভাবে আবাদি জমির মধ্যখানে এই ভাটায় ইট পোড়ানো হচ্ছে। এতে রবি ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।’
৬০ শতাংশ জমিতে সরিষা আবাদ করেছেন মোজাম্মেল হক। তিনি বলেন, ইটভাটার কারণে ফসলের ওপর ধুলাবালুর আস্তর পড়ে। কয়েক বছর থেকে ফসল উৎপাদন অনেক কমে গেছে। এখান থেকে ভাটা সরিয়ে নেওয়া জরুরি।
ইটভাটার পূর্ব দিকে হানিফ মিয়া দেড় একর জমিতে আলু চাষ করেছেন। তিনি আক্ষেপ করে বলেন, ‘শুনেছি, আবাদি জমির মধ্যে ইটভাটা নির্মাণ করা বেআইনি কাজ। তা হলে এত বছর ধরে এই ইটভাটা কেমনে থাকে?’
ইটভাটার মালিক শওকত আলী বলেন, ‘আমার ইটভাটাটি ছোট। মাত্র ৫০ শতাংশ জমির ওপর স্থাপন করা হয়েছে। আমি পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিয়ে এই ইটভাটা স্থাপন করি।’
এ ব্যাপারে গতকাল মঙ্গলবার মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা কৃষি কর্মকর্তা জাহেদুল হক চৌধুরী বলেন, ‘আবাদি জমির মাঝখানে ইটভাটা করার জন্য আমাদের পক্ষ থেকে কোনো প্রত্যয়নপত্র দেওয়া হয়নি।’
রংপুর পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপপরিচালক ও বর্তমানে বগুড়ায় অবস্থিত পরিবেশ বিভাগীয় অধিদপ্তরের উপপরিচালক ওসমান গণি বলেন, ‘আমার জানামতে, পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এই ভাটার সনদ এখনো হয়নি। ভাটা করতে হলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের প্রয়োজন পড়ে। কিন্তু তা মানা হয়নি। আবাদি জমির মাঝখানে ভাটা নির্মাণ করে ইট পোড়ানো আইনের পরিপন্থী।’
রংপুর পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক আকতারুজ্জামান বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। শিগগিরই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলিয়া ফেরদৌস বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা হবে।’