আবার ওএমএসের আটা-চাল কালোবাজারে বিক্রি, জব্দ ৫২ টন মালামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শ্যামপুর এলাকায় ডিলারদের গুদামে ওএমএসের মালামাল জব্দ করেছে র‍্যাব। ছবি: সংগৃহীত
রাজধানীর শ্যামপুর এলাকায় ডিলারদের গুদামে ওএমএসের মালামাল জব্দ করেছে র‍্যাব। ছবি: সংগৃহীত

স্বল্প আয়ের মানুষের কাছে কম মূল্যে খোলাবাজারে (ওএমএস) বিক্রির জন্য সরকারি আটা ও চাল নিয়ে যাওয়ার পর তা সাধারণ মানুষের কাছে বিক্রি করা হতো না। একটি চক্র দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় খোলাবাজারে সেগুলো বিক্রি করে আসছিল। এ ঘটনায় র‍্যাব অভিযান চালিয়ে শ্যামপুরের দুই ডিলারের গুদাম থেকে সরকারি ৪৮ টন আটা ও ৪ টন চাল জব্দ করেছে। এ ঘটনায় মামলাও হয়েছে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, তালিকাভুক্ত তিন সরবরাহকারীর নেতৃত্বে ১৫ থেকে ২০ সদস্যের অপরাধ চক্রটি ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) থেকে ওএমএসের চাল ও আটা নিয়ে যেত খোলাবাজারে বিক্রির জন্য। কিন্তু সুলভ মূল্যে বিক্রি না করে ওই ওএমএসের আটা ও চাল আবার খাদ্য সংরক্ষণাগারের কাছে সরবরাহ করা হতো। পাশাপাশি কালোবাজারে ওএমএসের আটা ও চালা উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছিল। এ ঘটনায় র‍্যাব অভিযান চালিয়ে শ্যামপুরের দুই ডিলারের গুদাম থেকে সরকারি ৪৮ টন আটা ও ৪ টন চাল জব্দ করা হয়েছে।

র‍্যাব ও আদালত সূত্র বলছে, ওএমএসের আটা ও চাল সরবরাহকারী নজরুল ইসলাম, মিজানুর রহমান ও সোহাগের নাম উল্লেখ করে চক্রটির অজ্ঞাত ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে গত মঙ্গলবার রাজধানীর শ্যামপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলার পর থেকে তিন ডিলার পলাতক রয়েছেন।

এ ছাড়া ওএমএসের ৫২ টন আটা ও চাল জব্দের ঘটনা তদন্তে খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে। খাদ্য অধিদপ্তরের সরবরাহ, বণ্টন ও বিপণন বিভাগের পরিচালক আমজাদ হোসেন টেলিফোনে প্রথম আলোকে বলেন, ডিলারদের গুদাম থেকে ওএমএসের ৫২ টন মালামাল জব্দের ঘটনা তদন্তে ঢাকার রেশনিং বিভাগের প্রধানকে তদন্ত করতে বলা হয়েছে। তিন দিনের মধ্যে ওই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

র‍্যাব-১০–এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, সরকারি ওএমএসের আটা ও চাল খোলাবাজারে সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে বিক্রি না করে তা কালোবাজারে বিক্রি করার অভিযোগে মামলা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তিন ডিলারকে গ্রেপ্তার না করা গেলেও তাঁদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। চক্রটি বহুদিন থেকে ওএমএসের আটা ও চাল বিক্রি করার নামে কালোবাজারে বিক্রি করেছে।

কীভাবে চক্রটি এই কাজ করত, সে ব্যাপারে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, কালোবাজারির অভিযোগে ডিলার নজরুল ইসলামের নামে আগেও মামলা হয়েছে। ডিলার নজরুল ইসলাম ওএমএসের চাল (সরকারি বস্তায়) খোলাবাজারে বিক্রি করার জন্য নিয়ে আসতেন, কিন্তু তা সুলভ মূল্যে বিক্রি করতেন না। উচ্চমূল্যে তা অন্য ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন। মামলার আসামি সোহাগ ওএমএসের আটা ও চাল সাধারণ বস্তায় ভরে তা আবার খাদ্য সংরক্ষণাগারের কাছে সরবরাহ করতেন।

এই অভিযোগের ব্যাপারে জানার জন্য যোগাযোগ করা হলে মামলার আসামি নজরুল ইসলাম ও মিজানুর রহমানের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। ট্রাকে করে বা নির্ধারিত স্থানে ওএমএসের চাল ৩০ টাকায় ও আটা ১৮ টাকায় বিক্রি হয়।

শ্যামপুরে জব্দ ৫২ টন আটা-চাল
নজরুল ইসলাম তালিকাভুক্ত ডিলার। গত মঙ্গলবার র‍্যাব-১০–এর সদস্যরা অভিযান চালিয়ে নজরুল ইসলামের গোডাউন থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ওএমএসের আটা ও চাল জব্দ করেন। নজরুলের গোডাউন থেকে খাদ্য অধিদপ্তরের ৫০ কেজি ওজনের ৩৫০ বস্তা আটা জব্দ করা হয়। ওই বস্তার ওপর লেখা আছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, খাদ্য অধিদপ্তর। খাদ্য বিভাগ কর্তৃক সুলভ মূল্যে বিক্রির জন্য প্রস্তুতকৃত আটা’। এ ছাড়াও নজরুলের গুদাম থেকে ১২০ বস্তা ময়দা, ৪৫ বস্তা চাল জব্দ করা হয়।

এ ছাড়া আরেক ডিলার মিজানুর রহমানের শ্যামপুরে বালুরমাঠসংলগ্ন গুদাম থেকে ৫০ কেজি ওজনের ১৫৮ বস্তা আটা জব্দ করা হয়। এর মধ্যে ১২০ বস্তার ওপর লেখা আছে, ‘খাদ্য বিভাগ কর্তৃক সুলভ মূল্যে বিক্রির জন্য নয়’। এ ছাড়া ১৫০ বস্তা ময়দা ও ৪৮ বস্তা চাল জব্দ করা হয়েছে।

র‍্যাবের করা মামলার এজাহারে বলা হয়েছে, স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য সরকার ৪০ টাকা কেজি দরে চাল, ৩০ টাকা কেজি দরে আটা বিক্রি করে আসছে। গত কয়েক বছর ধরে এই কর্মসূচি চালু রয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য সরকার প্রয়োজনীয় সংখ্যক ডিলার নিয়োগ দিয়েছে। এই ডিলাররা ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে সপ্তাহে ছয় দিন চাল ও আটা সাধারণ মানুষের কাছে ভর্তুকি দিয়ে বিক্রি করছে।

মামলার এজাহারে আরও বলা হয়, ওএমএসের চাল ও আটা খোলাবাজারে না বিক্রি করে অপরাধী চক্র অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে।

মামলার বাদী র‍্যাব-১০–এর (সার্কেল অ্যাডজুট্যান্ট) নূর ইসলাম প্রথম আলোকে বলেন, ডিলাররা ওএমএসের চাল খোলাবাজারে বিক্রি না করে তা অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল। অভিযান চালিয়ে ওএমএসের আটা ও চাল জব্দ করা হয়েছে।

এর আগে তেজগাঁওয়ের কেন্দ্রীয় খাদ্যগুদামের ৪ জন পরিদর্শক, ২ জন নিরাপত্তারক্ষী, ৪ জন শ্রমিকনেতা, ২ জন ডিলার, ১১ জন চাল ও আটা ব্যবসায়ীর বিরুদ্ধে সরকারি খাদ্যশস্য পাচার করার অভিযোগ এনে গত বছরের ১১ সেপ্টেম্বর ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় করে মামলা করে র‍্যাব। ওই সময় জব্দ করা হয় ১৮২ টন ওএমএসের চাল, আটা ও গম।

আরও পড়ুন :
নিম্ন আয়ের মানুষের চাল-আটা বিক্রি হচ্ছে কালোবাজারে