
টাঙ্গাইলের সখীপুরের সংরক্ষিত বনাঞ্চলে আবার চালু হয়েছে ২৮টি অবৈধ করাতকল। এসব করাতকলে দিন-রাত শাল-গজারি ও সামাজিক বনায়নের গাছ চেরানোর কাজ চলছে। অথচ দুই মাস আগে অভিযানের কারণে ওই সব করাতকল সাময়িকভাবে অন্যত্র সরিয়ে রাখা হয়।
পৌরসভায় স্থাপিত বৈধ করাতকল মালিক সমিতির নেতাদের অভিযোগ, সংরক্ষিত বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপনের বিধান না থাকলেও স্থানীয় বন বিভাগের সঙ্গে যোগসাজশে ও মাসোহারা দিয়েই ওই সব করাতকল চালানো হচ্ছে।
স্থানীয় বন কার্যালয় সূত্র ও এলাকার অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বনাঞ্চলে স্থাপিত অবৈধ ৫৫টি করাতকল উচ্ছেদের লক্ষ্যে জেলা প্রশাসকের নেতৃত্বে যৌথ বাহিনী গত ১ ও ১৫ মার্চ অভিযান চালায়। ওই সময় হাতিয়া রেঞ্জে পাঁচটি ও বহেড়াতৈলী রেঞ্জে আটটিসহ ১৩টি করাতকল উচ্ছেদ ও ওই সব করাতকলের মালিকদের নামে মামলা করে বন বিভাগ। উচ্ছেদের ভয়ে বাকি করাতকলের মালিকেরা সাময়িকভাবে তাঁদের করাতকল সরিয়ে রাখেন। এ কারণে ওই সময় উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হয়।

বৈধ করাতকল মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, কিছুদিন বন্ধ থেকে আবার বহেড়াতৈলী রেঞ্জের ডাবাইল গ্রামে দুটি, নাকশালা বাজার এলাকায় দুটি, দাড়িয়াপুর গ্রামে দুটি, গোহাইলবাড়ি গ্রামে দুটি, কাঁকড়াজান গ্রামে দুটি, তৈলধারা গ্রামে দুটি, গড়বাড়িতে দুটি, সাপিয়া চালায় দুটি ও বড়চওনায় দুটি করাতকল চলছে। হাতিয়া রেঞ্জের পাথারপুর এলাকায় একটি, হতেয়া গ্রামে চারটি, পূর্ব চতলবাইদে একটি ও চতলবাইদ ওয়াজেদ মার্কেটে একটি করাতকল চলছে। এ ছাড়া বাঁশতৈল রেঞ্জে হলদে চালা ও বংশীনগর এলাকায় তিনটি করাতকল স্থাপন করা হয়েছে।
সম্প্রতি বন বিভাগের বহেড়াতৈলী ও হাতিয়া রেঞ্জের কয়েকটি এলাকায় সরেজমিনে করাতকল সচল হওয়ার সচিত্র প্রমাণ পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এসব অবৈধ করাতকলের একাধিক মালিক জানান, স্থানীয় বন বিভাগের সঙ্গে যোগাযোগ রক্ষা করেই করাতকলগুলো আবার চালু করা হয়েছে।
সখীপুর পৌরসভার বৈধ করাতকল মালিক সমিতির সভাপতি জিন্নত আলী বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি, বহেড়াতৈলী রেঞ্জের কর্মকর্তার যোগসাজশে সখীপুরের বনের করাতকল আবার চালু হয়েছে। অবৈধ করাতকলের জন্য লাইসেন্স করা করাতকলগুলো ভালোভাবে চলছে না।’
সখীপুর আবাসিক মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য রহিজ উদ্দিন বলেন, যে হারে বনের পাশে করাতকল বাড়ছে ও গাছ কাটা চলছে, এভাবে চলতে থাকলে এই অঞ্চল থেকে শাল-গজারিগাছ বিলীন হয়ে যাবে। ধীরে ধীরে পরিবেশের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে।
এ ব্যাপারে সখীপুর বন বিভাগের বহেড়াতৈলী রেঞ্জ কর্মকর্তা শামসুল ইসলাম চৌধুরী বলেন, ‘কিছু করাতকল আবার সচল হয়েছে। তবে তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। পুনরায় সচল হওয়া করাতকলের তালিকা বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) কার্যালয়ে পাঠানো হয়েছে।’
টাঙ্গাইলের ডিএফও মাসুদ রানা বলেন, শিগগিরই অভিযান চালানো হবে। পুনরায় করাতকল চালু করার পেছনে বন বিভাগের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা বনায়ন কমিটির সভাপতি শাজাহান আলী জানান, পুনরায় সচল হওয়া এসব অবৈধ করাতকল বন্ধে আবার অভিযান চালানো হবে।