আবার ডাকলে সহযোগিতা করব: বাচ্চু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল হাই বাচ্চু
আবদুল হাই বাচ্চু

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ শেষ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার বেলা পৌনে দুইটার দিকে দুদক কার্যালয় ছেড়ে যান তিনি। এর আগে বেলা পৌনে ১১টায় আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

দুদক কার্যালয় ছেড়ে যাওয়ার সময় সাংবাদিকদের আবদুল হাই বাচ্চু বলেন, যা জানতে চাওয়া হয়েছে, আমি তার উত্তর দিয়েছি। আবার আমাকে ডাকা হলে আমি সহযোগিতা করব।

অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে চাইলে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বলেন, বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে। এরপর তিনি তাঁর কালো প্রাডো গাড়িতে করে দুদক কার্যালয় ছেড়ে যান।

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু ও তাঁর নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে জিজ্ঞাসাবাদের জন্য সম্প্রতি নোটিশ দেয় দুদক। অনুসন্ধান শুরু হওয়ার প্রায় চার বছর পর দুদক প্রথমবারের মতো তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কয়েক দফা পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে দুদক এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়। আবদুল হাই বাচ্চুসহ পর্ষদের ১১ জনকে পর্যায়ক্রমে তলব করা হয়। আজ জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকার জন্য ১৮ নভেম্বর আবদুল হাই বাচ্চুর বনানীর ডিওএইচএসের বাড়ির ঠিকানায় নোটিশ পাঠানো হয়। পর্ষদের অন্য সদস্যদেরও ডাকা হয় বিভিন্ন দিনে। গতকাল রোববার পর্যন্ত দুদক বেসিক ব্যাংকের সাবেক ১০ জন পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে।

এর পরিপ্রেক্ষিতে আজ সকাল নয়টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে যান আবদুল হাই বাচ্চু।

সকাল ১০টার দিকে আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই মামলায় বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদকে জিজ্ঞাসাবাদ শেষ হচ্ছে কি না, জানতে চাইলে দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাংবাদিকদের বলেন, এটা তো আমরা কেউ বলতে পারব না। তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করে কী পেয়েছেন, তা বিচার-বিশ্লেষণ করে বলতে পারবেন। তদন্তে প্রক্রিয়া যা আছে, তা হবে।

আবদুল হাই বাচ্চু অনেক প্রভাবশালী, সেই প্রভাবে এই মামলায় পার পেয়ে যেতে পারেন—এমন একটি কথা প্রচলিত আছে। এ বিষয়ে জানতে চাইলে দুদকের চেয়ারম্যান বলেন, ‘প্রভাব দিয়ে কে কবে পার পেয়েছে। বহু লোকের প্রভাব তো দেখেছেন। বাইরে অনেক প্রভাব। প্রভাব দিয়ে পার পেয়েছে—এমন একজন লোকের নাম বলতে পারেন?’

দুদক চেয়ারম্যান বলেন, তিনি শুনেছেন বেসিক ব্যাংকের সেই আলোচিত ঋণের মধ্যে ৫৫৩ কোটি টাকা নগদ দিয়ে ২ হাজার ৩০০ কোটি টাকা ঋণ পুনরায় তফসিলীকরণ করা হয়েছে।

আবদুল হাই বাচ্চুর নেতৃত্বাধীন পর্ষদ ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৩ সালের মার্চ পর্যন্ত মাত্র ১১ মাসে নজিরবিহীন অনিয়মের মাধ্যমে ৩ হাজার ৪৯৩ কোটি ৪৩ লাখ টাকা ঋণের নামে বিভিন্নজনকে দিয়ে দেয়। বাংলাদেশ ব্যাংক তখন তদন্ত করে বলেছিল, ‘৪০টি দেশীয় তফসিলি ব্যাংকের কোনোটির ক্ষেত্রেই পর্ষদ কর্তৃক এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পরিলক্ষিত হয় না। এই ঋণ আদায়ের সম্ভাবনাও কম।’

বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ২০১৫ সালের শেষ দিকে রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় ১৫৬ জনকে আসামি করে ৫৬টি মামলা করে দুদক। এসব মামলায় বেসিক ব্যাংকের ২৭ কর্মকর্তা, ১১ জরিপকারী ও ৮১ ঋণ গ্রহণকারী ব্যক্তি, প্রতিষ্ঠানসহ ১২৯ জনকে আসামি করা হয়। মামলাগুলো তদন্ত করছেন দুদকের ১০ কর্মকর্তা। তবে কোনো মামলাতেই আবদুল হাই বাচ্চুকে আসামি করা হয়নি। এ নিয়ে জাতীয় সংসদ থেকে শুরু করে অর্থনীতিবিদ, ব্যাংক খাতের বিশেষজ্ঞ এবং সর্বশেষ আদালত পর্যন্ত সমালোচনা করেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত বেসিক ব্যাংকের খেলাপি ঋণের হার ৫৩ শতাংশ (৭ হাজার ৩৯০ কোটি টাকা), যা যেকোনো ব্যাংকের খেলাপি ঋণের হারের চেয়ে বেশি।