আবার তৎপর অজ্ঞান পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আবার তৎপরতা বেড়েছে অজ্ঞান পার্টির। চলতি মাসেই শতাধিক ব্যক্তি তাদের খপ্পরে পড়ে টাকা ও মালামাল খুইয়েছেন। এর মধ্যে গতকাল সোমবার পর্যন্ত কেবল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছেন ৭৩ জন। তাঁদের মধ্যে গতকালই ভর্তি করা হয় সাতজনকে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, রাজধানী ও এর আশপাশে অজ্ঞান পার্টির অন্তত ৩০০ সদস্য রয়েছে। আগে এই চক্রের তৎপরতা ছিল মূলত ঈদকেন্দ্রিক। কিন্তু এখন অবস্থা দেখে মনে হচ্ছে এরা ‘মৌসুম’ বদলেছে। অজ্ঞান পার্টির সদস্যদের ধরতে অভিযান শুরু করেছে গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, অজ্ঞান পার্টির বিরুদ্ধে অভিযান চলছে। ১৯ অক্টোবর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই চক্রের ১৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ বলেছে, রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হওয়া ব্যক্তিদের চিকিৎসা হয় মূলত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। তবে বেশি হয় ঢাকা মেডিকেলে।
এই হাসপাতাল সূত্র বলছে, চলতি বছরে ২৪ অক্টোবর (গতকাল) পর্যন্ত অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ২৪৭ জন এই হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে জানুয়ারি মাসে ৭ জন, ফেব্রুয়ারিতে ৬, মার্চে ৩, এপ্রিলে ১৪, মেতে ৫, জুনে ২৭, জুলাইতে ১২, আগস্টে ৬৪ এবং সেপ্টেম্বর মাসে ৩৬ জন ভর্তি হন।
চলতি বছরের প্রথম ৬ মাসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন সব মিলিয়ে ৬২ জন। তবে গতকালের সাতজনসহ চলতি মাসের ২৪ দিনেই ভর্তি হয়েছেন ৭৩ জন। আক্রান্ত অন্য ব্যক্তিরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। এর মধ্যে গত বুধবার গাবতলী থেকে গাজীপুরগামী বিআরটিসি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া দুজনকে নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে।
এই অপরাধ চক্রের তৎপরতা হঠাৎ বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে, ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত রমজান মাসে অজ্ঞান পার্টির অর্ধশতাধিক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা সবাই জামিনে বেরিয়ে এসেছে, এদের বেশির ভাগই পুরোনো পেশায় ফিরে এসেছে। তবে ঈদের আগে অজ্ঞান পার্টির বিরুদ্ধে পুলিশের যেমন তৎপরতা থাকে, এখন তাতে একটু শিথিলতা রয়েছে।
ডিবির উপকমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ বলেন, অজ্ঞান পার্টির তৎপরতা মূলত উৎসবকেন্দ্রিক হলেও এবার তারা সময় বদলেছে। এ মাসে তাদের তৎপরতার খবর বেশি আসছে। ডিএমপি কমিশনারের নির্দেশে ডিবির সাত-আটটি দল অজ্ঞান পার্টির সদস্যদের ধরতে কাজ করছে। কেবল রাজধানীতেই এই চক্র সক্রিয় নয়। ঢাকার আশপাশেও এরা সক্রিয় রয়েছে।
ভুক্তভোগী ব্যক্তিদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের কেউ ভয়ে, কেউ বা ঝামেলায় পড়ার আশঙ্কায় মামলা করেননি। একজন ব্যবসায়ী শেখ রাশেদ মিনান ১ অক্টোবর দুপুরে রাজধানীর নর্দ্দা বাসস্ট্যান্ড এলাকায় ভ্যান থেকে ডাব কিনে খাওয়ার পর অচেতন হয়ে পড়েন। তিনি চিকিৎসা নিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। একই দিন মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া বাসচালকের সহকারী মো. মিজানুর রহমানও মামলা করেননি।
তবে পুলিশ বলছে, এমন ঘটনায় মামলা করলে অপরাধীদের ধরতে সুবিধা হয়। এতে দণ্ডবিধির ৩২৮ ধারায় মামলা হয়। এ ধারায় সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডের বিধান রয়েছে। তবে অজ্ঞান হওয়ার পর কেউ মারা গেলে, সে ক্ষেত্রে হত্যা মামলা হয়।
ডিবি পুলিশ বলেছে, মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল, সদরঘাট নৌ টার্মিনাল, কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন, রামপুরা, যাত্রাবাড়ী চৌরাস্তা, মতিঝিল, পল্টন, গুলিস্তান, মিরপুর ১০ নম্বর গোল চত্বর, নয়াবাজার, নর্দ্দা, বাবুবাজার, শ্যামলী, কল্যাণপুর ও আবদুল্লাহপুর এলাকায় অজ্ঞান পার্টির তৎপরতা বেশি। তারা ফেরিওয়ালা, চা ও ডাব বিক্রেতা সেজে ঘুরে বেড়ায়। আবার অনেক সময় সাধারণ যাত্রী সেজে দলবদ্ধভাবে বাসে ভ্রমণ করে। কৌশলে চেতনানাশক ওষুধ মেশানো খাবার বা পানীয় খাইয়ে অথবা নাকে চেতনানাশক গ্যাস প্রয়োগ করে লোকজনকে অচেতন করা হয়। মাত্রাতিরিক্ত চেতনানাশক দেওয়া হলে অচেতন ব্যক্তিদের কেউ কেউ মারাও যান।
ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এস এম আবুল ফায়েজ বলেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ব্যক্তির হৃদ্রোগ ও কিডনিতে সমস্যা থাকলে তাঁর মৃত্যুর ঝুঁকি বাড়ে। তিনি বলেন, অজ্ঞান পার্টির কবল থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হতে হবে, সহযাত্রী কেউ আক্রান্ত হলে সহযোগিতা করতে হবে এবং যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিতে হবে।