রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিনের মাথায় আবারও এক রোগীর দুই স্বজন ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁদের পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে।
গতকাল সন্ধ্যা সাতটার দিকে জানতে চাইলে নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, হাসপাতালে আবারও রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সহিংস ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে যান। ওয়ার্ডের অন্য রোগীর স্বজন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, নাটোরের জয়নাল নামের প্রায় ৭০ বছর বয়সের একজন রোগী ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। তাঁকে দেখতে এসেছিলেন তাঁর দূর সম্পর্কের আত্মীয় সাদ্দাম হোসেন ও তাঁর বন্ধু ফাহাদ আল ফেরদৌস। রোগীকে রক্ত দিতে দেরি হচ্ছে কেন, এ নিয়ে সাদ্দাম দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে সাদ্দাম ওই চিকিৎসকের জামার কলারে ধরেন। এই পরিপ্রেক্ষিতে অন্য ইন্টার্ন চিকিৎসকেরা এসে তাঁদের কিলঘুষি মারেন। পরে হাসপাতালে কর্তব্যরত পুলিশ গিয়ে ওই দুজনকে আটক করে। তিনি গিয়ে তাঁদের থানায় নিয়ে আসেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
তবে নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, ওই দুজনকে একটি কক্ষে নিয়ে কয়েকজন ইন্টার্ন চিকিৎসক লাঠিসোঁটাসহ হাতে যা ছিল, তা দিয়ে পেটান।
হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত পরিচালক মনোয়ারুল ইসলাম বলেন, শুধু চিকিৎসকের কারণে এসব ঘটনা ঘটছে না; রোগীর স্বজনেরাও অসংযত। এ ছাড়া ইন্টার্ন চিকিৎসকদের শরীর থেকে ছাত্রের গন্ধ যায়নি। তাঁরাও অসহিষ্ণু। সব মিলিয়ে ঘটনাগুলো ঘটছে। বিষয়গুলো সার্বিকভাবে দেখতে হবে।
এদিকে গতকালের পিটুনির ঘটনার পরিপ্রেক্ষিতে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ চরম উদ্বেগ প্রকাশ করেছে। সেই সঙ্গে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। গতকাল দুপুরে পরিষদের নিজস্ব কার্যালয়ে জরুরি সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি লিয়াকত আলী। বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামাণিক, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, নারীনেত্রী সেলিনা খাতুন প্রমুখ।
পরিষদের নেতারা বলেন, বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা সেবার মনোভাব ছেড়ে ‘সন্ত্রাসী’ হয়ে উঠেছেন। তাঁরা কথায় কথায় রোগীদের স্বজনদের ওপর হামলা চালাচ্ছেন। সম্প্রতি ছাত্রলীগ নামধারী কতিপয় ইন্টার্ন চিকিৎসক পুরো হাসপাতালের চিকিৎসাসেবার পরিবেশ ধ্বংস করেছেন। হাসপাতালটির চিকিৎসার মান ফিরিয়ে এনে রোগীবান্ধব করতে হবে। শিগগিরই এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে হবে। তা না হলে রাজশাহীর সব স্তরের মানুষকে সঙ্গে নিয়ে শিগগিরই হাসপাতাল ঘেরাও এবং লাগাতার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হবে।
গত রোববার চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পরিপ্রেক্ষিতে বাগ্বিতণ্ডার জেরে তাঁর ছেলে ও জামাতাকে ইন্টার্ন চিকিৎসকেরা পিটিয়ে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় গত সোমবার প্রথম আলোয় ‘বাবার লাশ মর্গে, ছেলে-জামাতা হাজতে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে অবশ্য ‘মানবিক দিক বিবেচনা করে’ ছেলে-জামাতাকে ছেড়ে দেয় পুলিশ।