আবার পুলিশের অভিযান, বেশির ভাগ পুরুষ বাড়িছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কয়েকটি গ্রামে গতকাল রোববার আবারও অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের ভয়ে কয়েক দিন ধরে ওই সব গ্রামের বেশির ভাগ পুরুষ বাড়িছাড়া।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মঈনুল ইসলাম জানান, গতকাল দুপুরে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় রসুলপুর, মহদিপুর ও ইসরাইলের মোড়ের কাছ থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরাইলের মোড়ের কাছ থেকে একটি ককটেলও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা বোমাবাজ ও বিভিন্ন স্থানে সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িত বলে জানান ওসি।
মহদিপুর, রসুলপুর, চণ্ডীপুর থেকে নতুন করে কেউ আর এলাকা ছাড়েনি বলে জানিয়েছেন শিবগঞ্জ পৌর বিএনপির প্রচার সম্পাদক সারোয়ার জাহান। তবে তিনি বলেন, এখনো এলাকার ৭০ থেকে ৮০ ভাগ বাড়িতে পুরুষ মানুষ নেই।
শিবগঞ্জ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখটোলা মহল্লার সেরাফত আলী দাবি করেন, এলাকার জামায়াত-বিএনপির সন্ত্রাসীদের ভয়ে আওয়ামী লীগ-সমর্থকেরা এলাকাছাড়া হয়েছেন।
গত বৃহস্পতিবার শিবগঞ্জের রসুলপুর, মহদিপুর, চণ্ডীপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় ওই সব গ্রামের অনেক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ নিয়ে প্রথম আলোয় গতকাল ‘যৌথ বাহিনীর অভিযানে শিবগঞ্জে আতঙ্ক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহমেদ প্রথম আলোকে বলেন, ঘটনাগুলো প্রকৃত না সাজানো, তা তদন্ত করে দেখা হবে।
হরতাল পালিত: চাঁপাইনবাবগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা মতিউর রহমান নিহত হওয়ার প্রতিবাদে ডাকা দুই দিনের হরতালের প্রথম দিন গতকাল সকালে শহরের নিমতলা মোড় থেকে মিছিল করে ছাত্রদল। এ ছাড়া বড় ইন্দারা মোড় থেকে মিছিল বের করে ছাত্রশিবির। শিবগঞ্জ বাজারে ছাত্রদল একটি ঝটিকা মিছিল বের করে। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের শান্তিমোড়ে অবস্থান নিয়ে পিকেটিং করে হরতালকারীরা। শহরের দোকানপাট বন্ধ ছিল।
গত বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মতিউর রহমান।