আবার পেট্রলবোমার বিভীষিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন চান্দিনায় বাসে পেট্রলবোমায় দগ্ধ সুমন চন্দ্র পাল। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয় l ছবি: প্রথম আলো
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন চান্দিনায় বাসে পেট্রলবোমায় দগ্ধ সুমন চন্দ্র পাল। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয় l ছবি: প্রথম আলো

আবারও পেট্রলবোমার বিভীষিকা! কোনো রাজনৈতিক কর্মসূচি না থাকলেও গত মঙ্গলবার রাতে কুমিল্লার চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে সাতজন দগ্ধ হন। তাঁদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এর আগে গত ২ ফেব্রুয়ারি রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় পেট্রলবোমা হামলায় আটজন নিহত হন। গত জানুয়ারি থেকে প্রায় তিন মাস ধরে বিএনপির নেতৃত্বাধীন জোটের অবরোধ-হরতাল কর্মসূচির সময় দেশের বিভিন্ন স্থানে যানবাহনে ছোড়া পেট্রলবোমায় অন্তত দেড় শ মানুষের মৃত্যু হয়। আহত হন অনেকে।
বাসের চালক, পুলিশ, কয়েকজন যাত্রী ও প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর ফকিরাপুল থেকে ৩৫ জন যাত্রী নিয়ে ইউনিক পরিবহনের বাসটি রাঙামাটির উদ্দেশে রওনা হয়। রাত পৌনে ১২টার দিকে চান্দিনায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট-সংলগ্ন কাঠেরপুল এলাকায় আসামাত্র দুটি পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। বিকট শব্দে মুহূর্তের মধ্যে আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়তে থাকে। এতে সাতজন দগ্ধ হন। দ্রুত বাস থামিয়ে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আরও কয়েকজন আহত হন। আহত ব্যক্তিদের দ্রুত চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতেই তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে নেওয়া হয়। তাঁরা হলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের উপদেষ্টা অঞ্জন কুমার দে (৪৭), রাঙামাটি সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত শর্মা (৫৯), রাঙামাটি সদর উপজেলার বন্দনা গ্রামের বাসিন্দা ও নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের একটি কারখানার জ্যেষ্ঠ নিরীক্ষক খোকন আলো চাকমা (৪৫), গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকার ইমরান মিয়া (২৬), রাঙামাটির সুমন চন্দ্র পাল (৪০), নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার জহিরুল ইসলাম (২৫) ও তাঁর স্ত্রী লাভলী আক্তার (২১)।
এঁদের মধ্যে প্রথম পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দেশের বার্ন ইউনিটগুলোর সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, রঞ্জিত শর্মার শরীরের ৪৪ শতাংশ এবং অঞ্জন কুমারের ২৩ শতাংশ পুড়ে গেছে। দুজনেরই শ্বাসতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন। আজ বৃহস্পতিবার তাঁদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠনের কথা রয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার চিকিৎসক আবু শাদাত মোহাম্মদ সায়েম খান জানান, খোকন চাকমার শ্বাসনালিসহ শরীরের ১৮ ভাগ পুড়ে গেছে। এ ছাড়া ইমরান ও সুমনের মুখ, হাত-পাসহ শরীরের ১৫ ভাগ পুড়ে গেছে। রূপগঞ্জের লাভলী ও জহিরুল প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। অন্যদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
কুমিল্লা মেডিকেলে গতকাল বেলা একটায় কথা হয় খোকন চাকমার স্ত্রী ভৌমিতা চাকমার সঙ্গে। পেশায় নার্স ভৌমিতা বলেন, ‘হাসপাতাল থেকে খবর পেয়ে এসে দেখি, আমার স্বামীর মুখ ও শ্বাসনালি পুড়ে গেছে। দুই হাতে ব্যান্ডেজ। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাচ্ছি।’
চান্দিনা থানায় বিজিবি, র্যাব ও পুলিশের বৈঠক: বেলা দুইটায় চান্দিনা থানায় বৈঠক করে এ ঘটনায় দুর্বৃত্তদের খুঁজে বের করার জন্য সাঁড়াশি যৌথ অভিযানের সিদ্ধান্ত হয়। জানতে চাইলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা বলেন, ‘জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে কয়েক দিন ধরে আলোচনা হচ্ছিল। ধারণা করা হচ্ছে, ওই কারণে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত। গত জানুয়ারি থেকে বিএনপি জোটের হরতাল-অবরোধের সময় যে কায়দায় কুমিল্লায় পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছিল, ঠিক একই কায়দায় চান্দিনায় পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।’ তিনি বলেন, ‘আমরা ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনব। এটি একটি বিচ্ছিন্ন ও অপ্রত্যাশিত ঘটনা। র্যাব, বিজিবি ও পুলিশ দুর্বৃত্তদের ধরার জন্য সাঁড়াশি অভিযান করবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’