আবার বটগাছটি কাটছে প্রভাবশালী মহল
ঝড়ে ডাল ভেঙে ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার অজুহাতে একটি মহল নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল বাজারের বিশাল বটগাছটি কেটে ফেলছে। গত কয়েক দিনে গাছটির কয়েকটি ঠেসমূল ও ডালপালা ছেঁটে ফেলা হয়েছে।
বাজার ব্যবসায়ী সমিতি সূত্র জানায়, বাজারের দক্ষিণ প্রান্তে বারনই নদের তীরে ঠেসমূল ও ডালপালা বিস্তার করে দাঁড়িয়ে আছে একটি বিশাল বটগাছ। হাট-বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা ওই গাছের ছায়ায় বিশ্রাম নেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা গাছের নিচের জমি দখল করে দোকানঘর নির্মাণ করেছেন। ২০১৩ সালে ওই মহলটি একবার গাছটি কাটার উদ্যোগ নেয়। তখন এলাকাবাসীর সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। ঘটনাটি আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত গাছটি কাটা বন্ধ হয়। গত মঙ্গলবার দুপুর থেকে বাজারের দেওয়ান এন্টারপ্রাইজের মালিক দেওয়ান নাহিদ আবার গাছটি কাটা শুরু করেন। জায়গা দখল করে নির্মিত দোকানঘরের ওপর এবার ঝড়ে ডাল ভেঙে পড়ে ক্ষতি হয়েছে, এই অজুহাতে গত বুধ ও বৃহস্পতিবার গাছটির প্রধান ঠেসমূলসহ বড় বেশ কয়েকটি ডাল কেটে ফেলেন তিনি।
তবে দেওয়ান নাহিদ জানান, ঝড়ে বটগাছটির ডাল পড়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। তাই কিছু ডাল কেটে ফেলা হয়েছে।
ইউএনও শারমিন আক্তার জাহান জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপনেওয়া হবে।