আবার বাঁশ এবার লোহাগড়ায় বিদ্যালয় ভবনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগড়ায় বিদ্যালয় ভবনের পিলারে রডের বদলে বাঁশ লাগানো হয়েছে l প্রথম আলো
লোহাগড়ায় বিদ্যালয় ভবনের পিলারে রডের বদলে বাঁশ লাগানো হয়েছে l প্রথম আলো

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের একটি পিলারের মধ্যে বাঁশ পাওয়া গেছে। এক সপ্তাহ ধরে শিক্ষক, শিক্ষার্থী ও উৎসুক এলাকাবাসী এই বাঁশ দেখেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রবিউল ইসলাম গতকাল শনিবার বলেন, ‘ভবনের পেছন পাশের একটি পিলারের ভেতরে রডের সঙ্গে লাগোয়া একটি বাঁশ ঢোকানো ছিল। পিলারটিতে ফাটল দেখা দিলে বাঁশটি দেখা গেছে। আজ শনিবার (গতকাল) বিদ্যালয়ে এসে দেখি বাঁশটি নেই। কে বা কারা নিয়ে গেছে।’
বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়টি ১৯০৬ সালে প্রতিষ্ঠিত। বর্তমানে শিক্ষার্থী রয়েছে ১৫২ জন। ২০০৩ সালে চার কক্ষের ওই ভবন তৈরি হয়েছে। বিদ্যালয়ে আর কোনো ভবন নেই।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লোহাগড়া উপজেলা প্রকৌশলী ওসমান গনি বলেন, এলজিইডির তত্ত্বাবধানে ভবনটি তৈরি হয়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ও ঠিকাদারের নাম জানাতে পারেননি তিনি।
গতকাল সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ওই পিলারের ফাটলের ফলে রড দেখা যাচ্ছে। রডের সঙ্গেই ছিল বাঁশটি। ভবনের দেয়ালের আরও তিনটি স্থানে সূক্ষ্ম ফাটল ধরেছে। শিক্ষার্থীরা জানায়, বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পরপরই একজন লোক বাঁশটি নিয়ে গেছে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া, চাঁদনি যূথীসহ আরও কয়েকজন বলে, এখন ভয় করছে, রডের বদলে এ রকম বাঁশ ভেতরে আরও থাকলে ভবন ভেঙে পড়ে কি না। অভিভাবক শামুকখোলা গ্রামের আজিজুর রহমান বিদ্যালয়ে এসেছেন বাঁশ দেখতে। তিনি বলেন, ‘কত জায়গায় ভবন ধসে শত শত লোক মারা যাচ্ছে। এখানে কী অবস্থা হয় আল্লাহ জানে।’
উপজেলা প্রকৌশলী ওসমান গনি বলেন, ‘বিদ্যালয়ে গিয়ে বিষয়টি দেখেছি। এখন পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে এ রকম আরও বাঁশ আছে কি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও এ ব্যাপারে অবহিত করেছি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, ‘খোঁজখবর নিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি।’