আবার বাংলাদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝে বিরতি দিয়ে আবারও অবৈধ শ্রমিকবিরোধী অভিযান শুরু করেছে মালয়েশিয়া। গত শনিবার দেশটির অভিবাসন পুলিশ রাজধানী কুয়ালালামপুরে বাংলা মার্কেট নামে পরিচিত বিপণিবিতান কোতারায়াতে অধিকসংখ্যক বাংলাদেশিসহ প্রায় ২০০ অবৈধ শ্রমিককে আটক করেছে। তবে কতজন বাংলাদেশিকে আটক করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে শনিবারের অভিযানে আটক বাংলাদেশিদের সম্পর্কে হালনাগাদ তথ্য জানতে চাইলে তাঁরা কিছু জানাতে পারেননি।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা এই প্রতিবেদককে বলেন, ই-কার্ডে নিবন্ধনের সময়সীমা শেষ হলেও অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার অন্য কর্মসূচি ‘রিহায়ারিং’ এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। তাই বাংলাদেশিরা যাতে কোনো রকম ভয়ভীতি ছাড়াই ‘রিহায়ারিংয়ের’ সুযোগ নিতে পারেন, সে জন্য মালয়েশিয়ার কর্তৃপক্ষকে গত মাসের মাঝামাঝি অনুরোধ জানানো হয়েছিল। এরপর বাংলাদেশের লোকজন নিবন্ধনের সুযোগ কাজে লাগাচ্ছিলেন। কিন্তু আবার ধরপাকড় শুরু হওয়ায় তাঁরা নতুন করে ভোগান্তিতে পড়বেন।

মালয়েশিয়ার সরকার অবৈধ হয়ে পড়া বিদেশি শ্রমিকদের বৈধতা দিয়ে অস্থায়ীভাবে কাজের সুযোগ নিশ্চিত করতে এনফোর্সমেন্ট কার্ড (ই-কার্ড) দেওয়ার ঘোষণা দেয়। ওই কর্মসূচিতে নিবন্ধনের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ৩০ জুন শেষ হয়েছে। এরপর থেকে অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে ৫ হাজারের বেশি বিদেশিকে আটক করা হয়। এদের মধ্যে দেড় হাজারের বেশি বাংলাদেশি। আটক এসব লোকজনকে দেশে ফিরতে হবে। তবে ই-কার্ডের মেয়াদ শেষ হলেও অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার অন্য কর্মসূচি ‘রিহায়ারিং’ এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।