আবার বিএসএফের গুলি, নিহত ১
পতাকা বৈঠকে দুঃখপ্রকাশের ৪৩ দিনের মাথায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবার এক বাংলাদেশি নিহত হয়েছে। আজ রোববার ভোরে যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম আবু সাঈদ (১৮)। বাড়ি শার্শা উপজেলার রামপুরা গ্রামে। বাবার নাম জামাত আলী।
১১ এপ্রিল ভোররাতে শার্শার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত হয়। ওই ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বেনাপোল আইসিপি ক্যাম্পে সন্ধ্যায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে ৪০ বিএসএফের কমান্ড্যান্ট বানজেন্দার সিং দুঃখপ্রকাশ করেন।
বিজিবির ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘সীমান্তে কোনো হত্যাকাণ্ড ঘটলেই আমরা প্রতিবাদ জানাই। বিএসএফ
দুঃখপ্রকাশ করে। আর এ ধরনের হত্যাকাণ্ড ঘটবে না বলে তারা অঙ্গীকার করে। কিন্তু তারা কখনই তাদের অঙ্গীকার রক্ষা করে না। আমরা তাদের বলেছি,
আপনারা গুলি চালাবেন না। আটক করে তাদের আমাদের কাছে হস্তান্তর করেন। কিন্তু সেটাও তারা শোনে না।’
আবদুর রহিমের ভাষ্য, আবু সাঈদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়ে পতাকা বৈঠক ডাকা হয়েছে। বৈঠকের পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।
স্থানীয় বাসিন্দারা বলেন, গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে আবু সাঈদসহ পাঁচ থেকে ছয়জন পাঁচভুলোট সীমান্ত দিয়ে গরু আনতে ভারতে যান। ফেরার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আবু সাঈদ গুলিবিদ্ধ হয়। গুরুতর অবস্থায় সঙ্গীরা তাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনে। পথে সাঈদ মারা যায়। সঙ্গীরা সাঈদের লাশ পার্শ্ববর্তী রাজগঞ্জ গ্রামের একটি বাড়ির সামনে রেখে পালিয়ে যায়। সকালে লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশ ও বিজিবিকে খবর দেয়।