নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনায় ধর্ষণের পর আত্মহত্যা করা কিশোরী পান্না আক্তারের (১৪) লাশ আবার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঠাকুরাকোনা রেলস্টেশন এলাকার কবরস্থান থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিনের উপস্থিতিতে লাশটি তোলা হয়।
এদিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মোস্তাফিজুর রহমানকে বরগুনায় বদলি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ-এ নুর আলম বলেন, ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে গত সোমবার পুনরায় ময়নাতদন্তের জন্য লাশ কবর থেকে তোলার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। গতকাল দুপুরে লাশ উত্তোলনের পর নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পান্নার মা আলপনা আক্তারের করা মামলায় গ্রেপ্তার দুই আসামি বিচারিক হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর বুধবার আদালত তাঁদের কারাগারে পাঠান।
এই মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন কৌশিক সরকার ওরফে অপু (২৩) ও মামুন মিয়া আকন্দ (২৬)। কৌশিক জেলা ছাত্রলীগের কৃষিবিষয়ক উপসম্পাদক। মামুন ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের সাবেক এক চেয়ারম্যানের ভাগনে। মামলার অপর আসামি সুলতান মিয়া (২২) এখনো গ্রেপ্তার হননি।
গতকাল বেলা দেড়টার দিকে কবর থেকে লাশ উত্তোলনের সময় জেলা মহিলা পরিষদ, মানবাধিকার সংরক্ষণ পরিষদ, মানবাধিকার আইনজীবী পরিষদের সদস্যরাসহ এলাকার লোকজন নেত্রকোনা মডেল থানার ওসি আমীর তৈমর আলী ও নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আরএমও মো. মোস্তাফিজুর রহমানের অপসারণের দাবি করেন। পান্নার লাশ উদ্ধারের পর ওসি আমীর তৈমর আলী বলেছিলেন, ‘মেয়েটি গলায় দড়ি দিয়ে মারা গেছে। কোনো রেপটেপ হয়নি।’ আর ময়নাতদন্তের পর আরএমও ধর্ষণের কোনো আলামত পাননি বলে জানান।
নিহত কিশোরীর মা বলেন, ৩ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে তিন তরুণ তাঁর মেয়েকে মাছের খামারে একটি ঘরে ডেকে নিয়ে যান। রাত আটটার দিকে তিনি কৌশলে মেয়েকে উদ্ধার করে ঘরে এনে জানতে পারেন, ওই তিন তরুণ মেয়েকে ধর্ষণ করেছেন। পরদিন বেলা ১১টার পর পাশের ঘরের আড়ার সঙ্গে মেয়ের ঝুলন্ত লাশ দেখেন তাঁরা।
নেত্রকোনার সিভিল সার্জন মো. তাজুল ইসলাম খান সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আরএমও মোস্তাফিজুর রহমানকে তাৎক্ষণিক সরিয়ে বরগুনা সদর হাসপাতালে একই পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) সমীর কান্তি সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।