দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে আবারও লাঞ্ছিত করা হয়েছে। ছাত্রলীগের কয়েকজন নেতার নেতৃত্বে তাঁদের লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার এ ঘটনা ঘটে।
শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ছাত্রদের শাস্তি না হওয়া পর্যন্ত আজ সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কাজ বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল বিকেলে এক সভায় শিক্ষক সমিতি ওই সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট অনুষদের ডিন অধ্যাপক বলরাম রায় বলেন, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আজ ১২ জানুয়ারি ক্লাস শুরু হওয়ার কথা। এর আগে গতকাল প্রাধ্যক্ষরা হলগুলো খুলে দেন। প্রশাসনের নির্দেশে তিনি ছাড়াও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অনুষদের ডিন আনিস খান এবং জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ফজলুর রহমানের নেতৃত্বে শিক্ষকেরা প্রতিটি হলে প্রকৃত আবাসিক ছাত্রদের বৈধ কাগজপত্র দেখে হলে ওঠানোর কাজ তদারকি করছিলেন। একপর্যায়ে বেলা একটার দিকে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইফতেখারুল ইসলামের নেতৃত্বে হাবিব, শাওন, মিল্টন, রানা, বহিষ্কৃত ছাত্র অরুণ কান্তি রায়, জাহিদ হাসান, অনিন্দ্য দত্তসহ কতিপয় ছাত্র তাঁদের প্রশাসনিক কাজে বাধা দেন। এ ছাড়া তাঁরা তাঁদের গালাগাল দেন ও লাঞ্ছিত করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এ ঘটনার নিন্দা জানান এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইফতেখারুল ইসলাম দাবি করেন, শিক্ষক সমিতি নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোনো সংগঠন নেই। হলের প্রাধ্যক্ষরা ছাড়াও উপাচার্যের নেতৃত্বে প্রতিটি হলের সামনে ২০-৩০ জন শিক্ষক উপস্থিত থেকে শিক্ষার্থীদের হয়রানি করছিলেন। ছাত্ররা এর প্রতিবাদ জানান এবং হল প্রাধ্যক্ষ ছাড়া অন্য শিক্ষকদের হল থেকে চলে যেতে বলেন। এ সময় শিক্ষকেরাই ছাত্রদের লাঞ্ছিত করেছেন।
উপাচার্য অধ্যাপক রুহুল আমিন জানান, কতিপয় ছাত্র বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়ার জন্য উচ্ছৃঙ্খল আচরণ করছেন। তাঁরা শিক্ষকদের গায়ে হাত তুলছেন। গতকালের ঘটনার ব্যাপারে শিক্ষকেরা বসে যে সিদ্ধান্ত নেবেন, তা-ই চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে।
এর আগে ২০১৩ সালের নভেম্বর মাসে ছাত্রলীগের নেতা-কর্মীরা চাঁদা না পেয়ে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে মারধর করেন। এ রকম আরও বেশ কয়েকবার শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে।