
তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার সংঘর্ষে জড়ালেন যুবলীগ ও ছাত্রলীগ থেকে বহিষ্কৃত দুই নেতার অনুসারীরা। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় তাঁদের হাতে ছিল ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা। সংঘর্ষে অন্তত নয়জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি রাবার বুলেট ছোড়ে। পরে র্যাব ও পুলিশ ধাওয়া দিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়।
সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ। এ ছাড়া একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এর আগে গত ১২ অক্টোবর সিআরবি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এক পক্ষের নেতৃত্বে রয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কৃত হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর। অন্য পক্ষে রয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কৃত সাইফুল আলম ওরফে লিমন। ২০১৩ সালের ২৪ জুন সিআরবি এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শিশুসহ দুজন খুন হন। তখন দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁরা জামিনে মুক্তি পান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টায় বাবু নামের এক যুবককে মারধর করেন বাবরের অনুসারীরা। এ খবর ছড়িয়ে পড়লে সিআরবি থেকে প্রায় এক কিলোমিটার দূরে পলোগ্রাউন্ড এলাকায় লিমনের অনুসারীরা জড়ো হন। সেখান থেকে ৫০-৬০ জন যুবক সিআরবির সাত রাস্তার মাথায় এসে বাবরের অনুসারীদের ধাওয়া দেন। এ সময় দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষ শুরু হয় এবং চার-পাঁচটি ফাঁকা গুলির শব্দ শোনা যায়। পরে র্যাবের টহল দল ঘটনাস্থলে গিয়ে লিমনের অনুসারীদের ধাওয়া দেয়। পুলিশের একাধিক টহল দলও ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে বাবরের অনুসারীদের ধাওয়া দেয়। পুলিশের ধাওয়ার সময় বাবরের অনুসারীরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান। এ সময় পুলিশকে লক্ষ করে ঢিল ছোড়া হয়। পরে পুলিশ পাঁচটি রাবার বুলেট ছোড়ে।
সংঘর্ষে আহত নয়জনকে গতকাল বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন মো. ইমন, সাইফুদ্দীন, মো. মিজান, মো. পারভেজ, মো. হেলাল, মো. হানিফ, মো. রকিব, মো. জামশেদ ও মো. হানিফ। তাঁরা সবাই বাবরের অনুসারী বলে জানা গেছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাদমান জামান প্রথম আলোকে বলেন, রাবার বুলেট, ইটের আঘাত ও দায়ের কোপে আহত নয়জন ভর্তি হয়েছেন। তাঁরা সবাই আশঙ্কামুক্ত।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, বাবু নামের এক যুবককে মারধর করেন বাবরপক্ষের অনুসারীরা। এ খবর পেয়ে ছাত্রলীগের লিমনপক্ষের ছেলেরা পলোগ্রাউন্ডে জড়ো হন। সেখান থেকে তাঁরা সাত রাস্তার মাথায় এলে দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক পক্ষের জটলা থেকে গুলিও ছোড়া হয়।
পুলিশ সূত্র জানায়, আটক আলাউদ্দিন বাবরের অনুসারী হিসেবে পরিচিত। মোটরসাইকেলটিও তাঁর অনুসারীদের। আলাউদ্দিনকে ১২ অক্টোবরের সংঘর্ষের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
জানতে চাইলে ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সাইফুল আলম ওরফে লিমন প্রথম আলোকে বলেন, ‘কোনো কারণ ছাড়া বাবর ভাইয়ের ছেলেরা আমাদের কর্মী বাবুকে মারধর করে। এরপর আমাদের ছেলেরা ঘটনাস্থলে যায়। সেখানে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে বলে শুনেছি।’
চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রকিব ও হানিফ প্রথম আলোকে এ ঘটনার জন্য লিমন ও তাঁর অনুসারী মামুন ও নজরুলকে দায়ী করেন। তাঁদের দাবি, লিমনের নেতৃত্বে আচমকা হামলা হয় এবং গুলি ছুড়লে তাঁরা আহত হন।