
সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে ২০১৩ সালের ১৯ মে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দিয়েছিলেন আবদুল হান্নান ওরফে ‘ক্যাডার হান্নান’। গতকাল সোমবার ছাত্রলীগের দুই পক্ষে আবার সংঘর্ষ হয়েছে। এবারও হান্নানকে সংঘর্ষে দেখা গেছে। একাধিক প্রত্যক্ষদর্শী, পুলিশ সদস্য ও ছাত্রলীগের কর্মীরা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রায় তিন বছর আগে এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে হান্নানকে দেখা গিয়েছিল আগ্নেয়াস্ত্র হাতে, মাথায় ছিল হেলমেট। আর তাঁর পাশে ছিলেন ছাত্রলীগের দুই নেতা। এবারও হান্নান সংঘর্ষে হেলমেট পরেছেন। তবে তাঁর হাতে কোনো অস্ত্র ছিল না। আগ্নেয়াস্ত্র ছিল তাঁর পাশেই থাকা অন্য আরেকজনের হাতে। ওই অস্ত্র বহনকারীকে সব সময়ই হান্নানের পাশে দেখা গেছে।
গতকাল সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত এমসি কলেজে হান্নানের উপস্থিতি ছিল। বিষয়টি ছাত্রলীগের দুই পক্ষই নিশ্চিত করেছে।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু ও বর্তমান সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর পক্ষের মধ্যে গতকাল সংঘর্ষ হয়। ২০১৩ সালের সংঘর্ষে হান্নান ছিলেন হিরণের পক্ষে। হিরণ তখন ছিলেন ছাত্রলীগের জেলা সভাপতি।
গতকাল সংঘর্ষের পর হিরণ হাসপাতালে নিজের পক্ষের আহত কর্মীদের চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিলেন। আগেরবার হান্নান তাঁর পক্ষে ছিলেন কি না, এ বিষয়ে কোনো মন্তব্য না করে তিনি বলেন, ‘হান্নানের এই অস্ত্র সেবারও (২০১৩ সালের ১৯ মে) ছিল। এই অস্ত্র দিয়ে এবার গুলি করা হয়েছে। এতে আমার দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।’
এমসি কলেজে সংঘর্ষের নয়জন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা হয়। এর মধ্যে সংঘর্ষের বাইরে থাকা ছাত্রলীগের তিন কর্মী ও শিক্ষার্থী রয়েছেন। তাঁরা বলেন, হান্নান পুরোটা সময় হেলমেট পরেছিলেন। তাঁর সঙ্গে দুটি ভাগে ছাত্রলীগের কর্মীরা ছিলেন। সবার হাতে রামদা, হকিস্টিক থাকলেও হান্নানের পাশে থাকা একজনের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। বেলা দুইটার দিকে হান্নান একজনের হাতে তাঁর আগ্নেয়াস্ত্র দিয়ে প্রতিপক্ষের দিকে অগ্রসর হচ্ছিলেন। এ সময় দুই পক্ষের থেমে থেমে গুলিবর্ষণের শব্দ শোনা যায়।
গোলাগুলির কিছুক্ষণ পর হান্নানের অবস্থানের দিকে আলোকচিত্রীরা নজর রাখলে একপর্যায়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। এর কিছুক্ষণ পর ছাত্রলীগের দুটি পক্ষকেই সংবাদকর্মীদের ওপর চড়াও হতে দেখা যায়। তখন পুলিশও ধরপাকড় করতে অভিযান শুরু করে। একপর্যায়ে ক্যাম্পাস থেকে দুই পক্ষ চলে যায়।
পুলিশ সূত্র জানায়, হান্নান এমসি কলেজ পার্শ্ববর্তী মেজরটিলায় বসবাস করেন। ২০১৩ সালের ঘটনায় শাহ পরান থানা-পুলিশ দুটি মামলা করে। এর মধ্যে অস্ত্র আইনে করা মামলায় হান্নান আসামি। সেই থেকে তিনি গা ঢাকা দিয়ে চলছিলেন। গত ১৫ জানুয়ারি টিলাগড়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় তিনি ফের আলোচনায় আসেন। এ হামলার মধ্য দিয়ে তিনি আবার প্রকাশ্যে এলেন। পাশাপাশি ছাত্রলীগের এক পক্ষ ছেড়ে আরেক পক্ষে সক্রিয় হওয়ার বিষয়টি জানান দিলেন। এ ঘটনায়ও হান্নানের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সংঘর্ষে তাঁকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর পক্ষে দেখা গেছে।
শাহ পরান থানায় যোগাযোগ করলে পুলিশকে এবারও ২০১৩ সালের মতো বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে দেখা গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘এ রকম (হান্নানের পাশের কর্মীর হাতে অস্ত্র) দেখা যায়নি। তবে গুলি কারা করেছে—এ বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
২০১৩ সালের অস্ত্র হাতে হান্নানের ছবি ২০ মে প্রথম আলোর প্রথম পাতায় ছাপা হয়। তৎকালীন শাহ পরান থানার ওসি লিয়াকত আলী (পরে প্রত্যাহার) বলেছিলেন, ‘আমরা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তায় ছিলাম। সবকিছু একসঙ্গে করা সম্ভব না।’ ওসির এ বক্তব্য ২০ মে প্রথম আলোর উদ্ধৃতিতে ছাপা হয়েছিল।
হান্নানের বিষয়ে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহও নির্দিষ্ট করে কিছু বলতে চাননি। গত রাতে তিনি প্রথম আলোকে বলেন, কার হাতে অস্ত্র ছিল বা কারা আগে ছিল—এসব এ মুহূর্তে বলা যাচ্ছে না। এ ঘটনায় মামলা হবে, তদন্তে অবশ্যই বের হয়ে আসবে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে।