আবার সড়কের গাছ কাটা শুরু
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নে গত বৃহস্পতিবার থেকে আবার সড়কের গাছ কাটা শুরু হয়েছে। এর আগে ৬ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিপুলসংখ্যক গাছ কাটা হয়।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলা প্রশাসনের যোগসাজশে কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জোবায়ের হাসান নীতিমালা লঙ্ঘন করে গাছগুলো কাটছেন।
এ নিয়ে গত ১৫ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘নির্বিচারে সড়কের গাছ কর্তন’ এবং ১৮ সেপ্টেম্বর ‘গোবিন্দগঞ্জে নির্বিচারে গাছ কাটা চলছেই’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনায় কাটাবাড়ী ইউনিয়নবাসীর পক্ষে ১১ ব্যক্তি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি।
তবে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোখলেছুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
এলজিআরডি মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী ইউনিয়ন পরিষদের মালিকানাধীন কোনো গাছ বিক্রি করতে হলে পরিষদের সভায় সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত অনুমোদনের জন্য প্রস্তাব আকারে তা উপজেলা কমিটির কাছে পাঠাতে হবে। তবে গাছের মূল্য পাঁচ লাখ টাকার বেশি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই সিদ্ধান্ত অনুমোদনের জন্য জেলা প্রশাসকের কাছে পাঠাবেন। জেলা প্রশাসকের সিদ্ধান্তক্রমে গাছ বিক্রি করতে হবে।
জোবায়ের হাসান বলেন, ‘জেলা প্রশাসক কার্যালয় থেকে বৃহস্পতিবার পর্যন্ত গাছ কাটার অনুমোদন পাওয়া যায়নি। তাই আমি গাছ কাটছি না।’ তিনি দাবি করেন, সড়কসংলগ্ন জমির মালিকেরা তাঁদের জমির সীমানায় গাছ পড়েছে দাবি করে আট থেকে নয়টি গাছ কেটেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বাগদা এলাকার এক ব্যবসায়ী বলেন, ‘১৭ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে আবার গাছ কাটতে দেখেছি।’
১৫ বছর আগে কাটাবাড়ী ইউনিয়নের চার কিলোমিটার দীর্ঘ বাগদাহাট-নাসিরাবাদ কাঁচা সড়ক ও দুই কিলোমিটার দীর্ঘ হঠাৎপাড়া-মাজার সড়কের দুই ধারে ১২-১৩ হাজার গাছ রোপণ করা হয়। এগুলোর মধ্যে ইউক্যালিপটাস, আকাশমণি ও শিশু গাছই বেশি। এসব গাছের মূল্য এক কোটি টাকার বেশি হবে। কিন্তু কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ইউপি চেয়ারম্যান মাত্র সাড়ে ৬৮ লাখ টাকায় এসব গাছ বিক্রি করে দিয়েছেন।