আবার হামলার ভয়ে ক্লাসে যায়নি শিক্ষার্থীরা, গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছে কচুয়ার ভূঁইয়ারা উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষার্থী সুজন হোসেন ও ইয়ামিন আক্তার l প্রথম আলো
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছে কচুয়ার ভূঁইয়ারা উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষার্থী সুজন হোসেন ও ইয়ামিন আক্তার l প্রথম আলো

চাঁদপুরের কচুয়ার ভূঁইয়ারা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও হামলার ভয়ে ও আতঙ্কে গতকাল সোমবার শ্রেণিকক্ষে যায়নি। এদিকে চাঁদা না পেয়ে গত রোববার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি মনির হোসেনসহ আরও সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের জন্য চাঁদা চেয়ে না পেয়ে স্থানীয় যুবলীগের কর্মী ফারুক, লিটন ও মনিরসহ একদল যুবক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার ও সহকারী শিক্ষক ফজলুর রহমানকে লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে বিক্ষোভের প্রস্তুতি নিলে রোববার বিদ্যালয়ের ভেতরে ঢুকে ওই হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। হামলায় অন্তত ৪০ শিক্ষার্থী আহত হয়।
গতকাল দুপুরে বিদ্যালয়ে গিয়ে কথা হয় দশম শ্রেণির কয়েকজন ছাত্রছাত্রীর সঙ্গে। তারা জানায়, সন্ত্রাসীরা আবার স্কুলে হামলা চালাতে পারে বলে তারা ভয় পাচ্ছে। এ জন্য অনেকেই স্কুলে আসেনি।
এক শিক্ষার্থীর অভিভাবক ইসমাইল হোসেন বলেন, ‘ছেলেমেয়েকে কীভাবে স্কুলে পাঠাব বুঝতে পারছি না। এলাকার বখাটেরা যেভাবে শিক্ষক ও শিক্ষার্থীদের পিটিয়ে জখম করেছে তা নজিরবিহীন।’
হামলার পরিপ্রেক্ষিতে ও শিশুশিক্ষার্থীদের আশ্বস্ত করার উদ্দেশ্যে গতকাল বিকেল তিনটার দিকে জেলা প্রশাসক আবদুছ সবুর মণ্ডল, পুলিশ সুপার শামছুন্নাহার, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মুর্শিদুল ইসলাম বিদ্যালয়ে গিয়ে এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তাঁরা শিক্ষার্থীদের আজ মঙ্গলবার থেকে নির্ভয়ে বিদ্যালয়ে যাওয়ার আহ্বান জানান। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তার দিকে খেয়াল রাখবে বলেও আশ্বাস দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক নাজমুল হাসান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মুবিন প্রমুখ।
সভায় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল মবিন অভিযোগ করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গত রোববার শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের আশ্রয় ও প্রশ্রয়দাতা। হেলাল উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক। হামলাকারীরা তাঁর অনুসারী। তবে তাঁর বিরুদ্ধে হামলাকারীদের প্রশ্রয় দেওয়ার এ অভিযোগ অস্বীকার করেছেন হেলাল উদ্দিন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী বলেন, হামলাকারীরা কেউ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত নন। তাঁরা এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত।
সভায় পুলিশ সুপার শামছুন্নাহার বলেন, সন্ত্রাসীরা যে দলেরই হোক, এখানে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। এমনকি যাঁরা সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তাঁদেরও আইনের আওতায় আনা হবে।
জেলা প্রশাসক আবদুছ সবুর মণ্ডল বলেন, যেভাবে এখানে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে, তা এলাকার আওয়ামী লীগের নেতৃত্ব ও এলাকাবাসীর জন্য কলঙ্কজনক ঘটনা।
বিদ্যালয়ের দুই শিক্ষককে লাঞ্ছিত করা ও শিক্ষার্থীদের ওপর হামলার এ ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
এদিকে আহত শিক্ষার্থীদের মধ্যে গুরুতর পাঁচ শিক্ষার্থী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল জানান, হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা অন্যরা হলেন ভুইয়ারা গ্রামের লিটন মিয়া (৪০), পপি আক্তার (১৮), মো. সবুজ (২৫), স্কুলছাত্র এমরান হোসেন (১৪), মো. আলাউদ্দিন (৩০) ও অজি উল্যাহ (৩৫)। এঁদের মধ্যে মনির (৩৫) ও লিটনকে ঢাকাগামী একটি লঞ্চে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার রাতে মোজাম্মেল হোসেন নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার বলেন, এমরান তাঁর বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে ওই হামলায় জড়িত নয়। এরপরও সন্দেহের বশে পুলিশ তাঁকে ধরে নিয়ে গেছে।