
মতিঝিল এজিবি কলোনির সড়ক দখল করে আবারও অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। স্থানীয় প্রভাবশালী কিছু লোক এসব দোকান থেকে দৈনিক ভিত্তিতে চাঁদা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কোনো তদারকি না থাকায় এখানে নতুন করে অবৈধ দোকানপাট তৈরি হয়েছে বলে কলোনির বাসিন্দারা অভিযোগ করেছেন।
গতকাল রোববার সকালে কলোনি এলাকায় গিয়ে দেখা যায়, গত মার্চ থেকে পাঁচ দফায় যেসব দোকানপাট ভেঙে দেওয়া হয়েছিল, সেগুলো আবার গড়ে উঠেছে। তবে স্থাপনা তৈরিতে ইট, সিমেন্টের পরিবর্তে ব্যবহার করা হয়েছে বাঁশ, কাঠ, ত্রিপল ও পুরু পলিথিন। দেখা যায়, পূর্ব প্রান্ত থেকে বাজারের গণশৌচাগার সীমানা পর্যন্ত ভেঙে দেওয়া স্থাপনাগুলোয় আবার ৭০টির মতো ঘর করা হয়েছে। আগে এখানে ছিল টিনশেড পাকা ভবন। বেশির ভাগ দোকানঘরেই এখন বেচাকেনা চলছে। বিশেষ করে ভাতের হোটেল চলছে বেশ কয়েকটি। মুরগির দোকান বসেছে ১৬টি। পেঁয়াজ-রসুন-আদার পাইকারি ব্যবসা চলছে। চলছে শাকসবজিরও দোকানও। শৌচাগারের পশ্চিম দিকে দুপাশে গড়ে উঠেছে আরও ৪০টির মতো দোকান।
এজিবি কলোনির ১০ জনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা ক্ষমতাসীন দল ও সংগঠনের কয়েকজন নেতা-কর্মীর নাম করে বলেন, তাঁদের লোকেরা প্রতি সন্ধ্যায় এসব অবৈধ দোকানের বিক্রেতাদের কাছ থেকে জনপ্রতি ৩০০ টাকা চাঁদা তোলেন। মুরগি বিক্রেতাসহ পাঁচজন দোকানির কাছে এ বিষয়ে জানতে চাইলে তাঁরা প্রথমে কথা বলতে রাজি হননি। পরে নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, চাঁদা দিচ্ছেন বলেই তাঁরা ব্যবসা করতে পারছেন। কারণ, তাঁদের বসার আর কোনো জায়গা নেই।
এজিবি কলোনি এলাকাটি পড়েছে ডিএসসিসির ১০ নম্বর ওয়ার্ডে। ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ও বাজারের পশ্চিম পাশে। এর পাশে মাছ-মাংসের বাজার। সেখানে মুদিদোকান, তরিতরকারির পাকা দোকান ছাড়াও রয়েছে ফলের বেশ কয়েকটি দোকান। দেখা যায়, এসব দোকানঘরের সামনে প্রায় তিন ফুট চওড়া শতাধিক চৌকি পাতা রয়েছে। কলোনিবাসীর অভিযোগ, একেকটি চৌকি পাতার বিনিময়ে প্রতিদিন ২০০ টাকা চাঁদা দিতে হয় বিক্রেতাদের। কয়েকজন দোকানি তা স্বীকারও করেন।
কলোনির বাসিন্দারা বলেন, উচ্চ আদালত এজিবি কলোনির সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নিয়মিত তদারকির নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সিটি করপোরেশনের কোনো কর্মকর্তাকে সেখানে দেখা যায় না। তাঁদের বক্তব্য, করপোরেশনের লোকেরা কী কারণে তদারকির দায়িত্ব পালন করেন না, তা নিয়ে তদন্ত হওয়া উচিত।
জানতে চাইলে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ প্রথম আলোকে বলেন, উচ্চ আদালতের নির্দেশ মেনেই এখানে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। আইন অনুযায়ী বাজারের সব দোকানই উচ্ছেদ করা হবে। কলোনির সড়ক সম্প্রসারিত করার বিষয়ে ডিএসসিসির প্রকৌশল বিভাগের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
গত ৩ মে হাইকোর্ট সময় বেঁধে দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে এজিবি কলোনির দোকানগুলো উচ্ছেদের নির্দেশ দেন। উচ্ছেদ কার্যক্রম চালানো হলেও সড়ক চওড়া করার বিষয়ে কোনো কাজ করা হয়নি। পশ্চিম রাজারবাগ মৌজার মানচিত্র অনুযায়ী এজিবি কলোনি সড়কটি ৭৮ ফুট প্রশস্ত এবং দৈর্ঘ্য ৬০০ ফুট। কিন্তু আঁকাবাঁকা সড়কে বাস্তবে প্রশস্ততা রয়েছে ৪০ ফুটের মতো।