আবারও আ.লীগ-বিএনপি সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদীর বালুমহাল নিয়ন্ত্রণ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর হোগলা গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংঘর্ষে নিজেদের ছয়জন কর্মী গুলিবিদ্ধ এবং আরও ছয়জন নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছে বিএনপি। এ সময় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা-ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেছে উভয় পক্ষ।
বিএনপির সূত্র জানান, সংঘর্ষে দলের ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা হলেন চর হোগলা গ্রামের সাদ্দাম হোসেন (৩০), রাসেল মিয়া (৪০), শরীফুল ইসলাম (২৭), জাহিদুল ইসলাম (৩০), মিলন মিয়া (৩৭) এবং ওহিদুল ইসলাম (৩১)।
নিখোঁজ ব্যক্তিরা হলেন ইয়ামিন হোসেন, শামীম মিয়া, জামাল মিয়া, জব্বার মিয়া, সারোয়ার হোসেন ও দরবেশ মিয়া। স্বজনেরা বলছেন, ওই ব্যক্তিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগের কর্মীরা হয়তো তাঁদের ধরে নিয়ে গেছেন।
আহত ব্যক্তিদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী গ্রামবাসী সূত্র জানায়, মেঘনা নদীর বালুমহালের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চর হোগলা গ্রামে গত বুধবার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিনের সমর্থকদের সঙ্গে একই ওয়ার্ডের সাবেক সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি মোতালেব মিয়ার সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের ২০ জন আহত হন। সংঘর্ষের পর গতকাল বিকেলে সোনারগাঁ থানা-পুলিশ চর হোগলা গ্রামে অভিযান চালায়। সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে ফেরার পর দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় চর হোগলা সুপার মার্কেটের ব্যবসায়ী মোস্তফা মিয়া, তাজুল ইসলাম, মোশারফ মিয়া, ইয়ানবীরসহ ১০ জনের প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
বিএনপির নেতা মোতালেব মিয়া বলেন, ‘আওয়ামী লীগের কর্মীরা আমাদের কর্মীদের ওপর নির্বিচারে ছররা গুলি ছোড়ে। এ সময় আমাদের ছয়জন কর্মী গুলিবিদ্ধ এবং আরও ছয়জন কর্মী নিখোঁজ হয়েছে।’
সংঘর্ষের পর বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ১২টি বাড়িঘর ভাঙচুর করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতা নাসির উদ্দিন। তিনি বলেন, ‘গোলাগুলি ও বিএনপির কর্মীদের নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে আমরা জড়িত নই। তাঁরা নিজেদের লোক লুকিয়ে রেখে অপপ্রচার চালাচ্ছে।’