আবারও চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের মারামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ভয়ে ছোটাছুটি শুরু করেন পথচারী। ছবিটি বেলা ১টা ৪০ মিনিটে চট্টগ্রাম কলেজ থেকে তোলা। ছবি: জুয়েল শীল
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ভয়ে ছোটাছুটি শুরু করেন পথচারী। ছবিটি বেলা ১টা ৪০ মিনিটে চট্টগ্রাম কলেজ থেকে তোলা। ছবি: জুয়েল শীল

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আবারও মারামারির ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তার নিয়ে আজ বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে এ ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দ শোনা যায়। এতে সাধারণ শিক্ষার্থী, পথচারী ও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। গতকাল মঙ্গলবারও ওই দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

কলেজ সূত্র জানায়, আজ দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ নেতা মো. ওবায়দুল হকের অনুসারীরা আরেক নেতা কায়সার উদ্দিনের অনুসারীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। একপর্যায়ে ওবায়দুল হকের অনুসারীরা কায়সার উদ্দিনের অনুসারীদের ক্যাম্পাস থেকে বের করে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা দেড়টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হন ওবায়দুল হকের অনুসারীরা। এ সময় কলেজের পাশে কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের সামনে তাঁদের ওপর হামলার চেষ্টা করেন কায়সারের অনুসারীরা। তখন দুইবার গুলির শব্দ শোনা যায়। পুলিশ এসে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং পথচারী ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উভয় পক্ষই চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।

সংঘর্ষের ঘটনায় পুলিশ একজনকে আটক করে। ছবি: জুয়েল শীল
সংঘর্ষের ঘটনায় পুলিশ একজনকে আটক করে। ছবি: জুয়েল শীল

চট্টগ্রাম নগর শাখা ছাত্রলীগের সহসভাপতি এম কায়সার উদ্দিন বলেন, প্রতিপক্ষের কর্মীরা তাঁদের কর্মীদের মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছেন। এতে নোমান ফারুকী ও আবদুল্লাহ আল মাসুম নামের দুই কর্মী আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কায়সার দাবি করেন, প্রতিপক্ষ তাঁর কর্মীদের লক্ষ্য করে দুটি গুলি ছুড়েছে।

কলেজ শাখা ছাত্রলীগের নেতা ওবায়দুল হক এ অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা গুলি ছোড়েননি। বরং মিছিল নিয়ে আন্দরকিল্লায় নগর ভবনের দিকে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়েছেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা প্রথম আলোকে বলেন, আগের দিনের ঘটনার জের ধরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এক পক্ষ কলেজ ক্যাম্পাসের বাইরে পটকাজাতীয় কিছুর বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।