চাঁদার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক দিনে চার শিক্ষককে মুঠোফোনে হুমকি দেওয়া হয়েছে। গত সোমবার রাতে ও গতকাল মঙ্গলবার দুপুরে একই মুঠোফোন নম্বর থেকে ফোন করে তাঁদের হুমকি দেওয়া হয়।
হুমকি পাওয়া শিক্ষকেরা হলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক বিধান চন্দ্র দাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক আজিজুল হক, একই বিভাগের সহযোগী অধ্যাপক ও শাহ্ মখদুম হলের প্রাধ্যক্ষ জাহাঙ্গীর আলম এবং অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক এস এম কামরুজ্জামান।
অধ্যাপক বিধান চন্দ্র দাস বলেন, ‘গতকাল বেলা ১টা ৩২ মিনিটে ০১৬৩০২৯৮১৫৭ নম্বর থেকে আমার ব্যক্তিগত মুঠোফোনে কল আসে। ও প্রান্তের ব্যক্তি আমাকে বলে, “আপনার ঝামেলা আছে, নিউমার্কেট ও হকার্স মার্কেটের কিছু ছেলে আপনার কাছে যেতে চাচ্ছে। আমরা আটকে রেখেছি, আপনি লিডারের সঙ্গে কথা বলেন।” গত বছরেও এভাবে ফোন করে আমার কাছে চাঁদা দাবি করা হয়েছিল। আমি বুঝতে পেরে ফোন কেটে দিই এবং বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানাই।’ ওই শিক্ষক আরও বলেন, ‘এ ঘটনার পর থেকে পরিবার ও নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি।’
ভুক্তভোগী অন্য শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর ব্যক্তিগত নম্বরে ফোন করে এক ব্যক্তি সর্বহারা দলের নেতা তপন বলে পরিচয় দেন। এরপর তিনি বলেন, ‘আপনার ঝামেলা আছে, আমাদের ছেলেরা আপনার কাছে যেতে চাচ্ছে, আমি আটকে রেখেছি।’ জবাবে জাহাঙ্গীর আলম তাঁর পরিচয় জানতে চাইলে ‘আপনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে’ বলে ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়। শিক্ষক জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘হুমকিদাতা আমার কাছে চাঁদা দাবি করত। আমি তাঁকে সেই সুযোগ দেইনি।’ এর কিছুক্ষণ পরে একই নম্বর থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক আজিজুল হককে ফোন করা হয়। অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক এস এম কামরুজ্জামান বলেন, ‘মঙ্গলবার বেলা দুইটার দিকে একই নম্বর থেকে ফোন করে সর্বহারা দলের জিয়াউদ্দিন জিয়া পরিচয়ে আমার কাছে চাঁদা দাবি করা হয়। আমি বিষয়টি প্রক্টরকে জানিয়েছি। এ ব্যাপারে থানায় জিডি করব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে শিক্ষকদের নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
একইভাবে ২০১৫ সালের ফেব্রুয়ারি ও মার্চে লাল বাহিনী, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, চরমপন্থী গ্রুপ কিংবা সর্বহারা দলের পরিচয়ে চাঁদা চেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫ জনকে শিক্ষককে হুমকি দেওয়া হয়।