তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এবং শাহজালাল ও শাহ আমানত ছাত্রাবাসের মধ্যে এ সংঘর্ষে ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছেন।
পক্ষ দুটি হলো ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) ও সিক্সটি নাইন। আহত দুই ছাত্রলীগ কর্মী হলেন ভিএক্স পক্ষের আনোয়ার ও সিক্সটি নাইন পক্ষের ফাহিম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, বিকেল সাড়ে তিনটার দিকে ভিএক্স পক্ষের নেতা-কর্মীরা শাহজালাল ছাত্রাবাস ও সিক্সটি নাইন পক্ষের নেতা-কর্মীরা শাহ আমানত ছাত্রাবাসে অবস্থান নেন। এ সময় উভয় পক্ষেই বেশ কয়েকবার ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ এসে উভয় পক্ষের মাঝখানে অবস্থান নেয়। কিন্তু কিছুক্ষণ পর পুলিশের বাধা অতিক্রম করে উভয় পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ কাঁদানে গ্যাসের ১৮টি শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।