আবারও নদীর বুকে বেড়া

হবিগঞ্জের রত্না নদীতে আরেকটি আড়াআড়ি বাঁশের বেড়া দেওয়া হয়েছে। এ নিয়ে নদীর তিন কিলোমিটার এলাকার মধ্যে তিনটি বেড়া দেওয়া হলো।
গত ২৬ নভেম্বর প্রথম আলোয় হবিগঞ্জে নদীর বুকে বেড়া দিয়ে মাছ শিকার শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। তখন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামছুল ইসলাম বলেছিলেন, নদী ইজারা দেওয়ার নিয়ম নেই। তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন। এদিকে বেড়া অপসারণে এক মাসেও উপজেলা প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন পরিবেশবাদীরা।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হবিগঞ্জ কার্যালয় জানায়, নবীগঞ্জ উপজেলার শাখা বরাক নদী থেকে রত্না নদীর উৎপত্তি হয়েছে। এটি বানিয়াচং হয়ে কুশিয়ারা নদীর আজমিরীগঞ্জ উপজেলা অংশে মিলিত হয়েছে। বানিয়াচং উপজেলা প্রশাসন গত এপ্রিল মাসে নদীর রত্না সেতু থেকে কবিরপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা ইজারা দিয়েছে। কাগজে চামেলি মৎস্যজীবী সমিতির নাম থাকলেও মূলত নদীটি ইজারা নিয়েছেন উপজেলার ভাটিপাড়া গ্রামের বিষ্ণু দাস। এলাকাবাসী জানিয়েছেন, তিনি নদীতে একে একে বাঁশের বেড়া দিয়ে মাছ ধরছেন।
গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, হবিগঞ্জ-বানিয়াচং সড়কের রত্না সেতুর কাছে নদীর বুকে আরও একটি বেড়া দেওয়া হয়েছে। এর আগে নদীর ভাটিপাড়া ও কবিরপুর নামক স্থানে আড়াআড়িভাবে আরও দুটি বেড়া দেওয়া হয়। বাঁশের বেড়ার কারণে নদীর প্রবাহ থেমে গেছে নৌ-চলাচল বন্ধ হয়ে গেছে। ইজারাদার বিষ্ণু দাসের সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি বিষয়টি এড়িয়ে যান।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল জানান, রত্না নদী অবক্ষয়িত বা বদ্ধ জলাশয় নয় যে প্রশাসন ইজারা দেবে। তিনি দাবি করেন, প্রবহমান নদী ইজারা দেওয়া বা প্রবহমান নদীতে বেড়া দেওয়ার কোনো আইন নেই। প্রশাসন যা করেছে, তা পরিবেশ আইনের পরিপন্থী। আর প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় ইজারাদার নতুন করে বেড়া দিয়েছেন।
জানতে চাইলে ইউএনও শামছুল ইসলাম প্রথম আলোকে জানান, তাঁরা দুই দিন অভিযান চালিয়েছেন। অভিযানের পর আবার বাঁধ দেওয়া হয়েছে। এ বিষয়ে এলাকার লোকজন বিশেষ করে জনপ্রতিনিধিদের এগিয়ে আসা উচিত বলে তিনি মন্তব্য করেন।