আবারও নিখোঁজের পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার পরের দিন কুমিল্লার বরুড়া উপজেলার জয়কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র সাইফ হোসেনের (৮) লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিশু জয়কামতা গ্রামের ইছহাক আহমেদ ও সোহাগী বেগমের ছেলে। ইছহাক আহমেদ দুবাইপ্রবাসী। এ ঘটনায় বরুড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

শিশুটির মা সোহাগী বেগম জানান, গতকাল রোববার সকাল নয়টার দিকে সাইফ হোসেন বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয়। কিন্তু সে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। পরে আজ সকালে একই গ্রামের খোকন মিয়া বাঁশঝাড়ে বাঁশ কাটতে গেলে ডোবার মধ্যে সাইফের লাশ ভাসতে দেখে চিৎকার করেন। পরে গ্রামবাসী গিয়ে লাশটি উদ্ধার করেন।

খবর পেয়ে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার নাজীম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার ঘটনাস্থলে যান। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়।

বরুড়া থানার ওসি বলেন, এ ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে। শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই বলে তিনি দাবি করেন।

এর আগে ২ এপ্রিল নিখোঁজের ৪৮ ঘণ্টা পর কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র মো. ইব্রাহিম হোসেনের (৭) লাশ বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে পুলিশ। ইব্রাহিম ওই গ্রামের সৌদিপ্রবাসী আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর চাচি হোসনে আরা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। হোসনে আরা বেগম খুনের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এ নিয়ে নয় দিনে একই উপজেলার একই শ্রেণির দুই প্রবাসী ব্যক্তির ছেলের লাশ উদ্ধার হলো।