আবারও নিম্নমানের গম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থবছরের বাকি মাত্র তিন মাস। এখনো খাদ্য বিভাগের গুদামে আমদানি করা কোনো গম এসে পৌঁছায়নি। ৫১ হাজার মেট্রিক টন গম নিয়ে রাশিয়া থেকে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গত সপ্তাহে। পরীক্ষা করে খাদ্য অধিদপ্তর বলছে, এই গমে ‘বিজাতীয়’ উপাদান সরকারের বেঁধে দেওয়া মাত্রার চেয়ে বেশি। আমদানিকারক প্রতিষ্ঠান এখন সেই গম ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এরই মধ্যে গত বৃহস্পতিবার সেই রাশিয়া থেকেই আরও ৫০ হাজার টন গম নিয়ে আরেকটি জাহাজ বন্দরে ভিড়েছে। দুই-তিন দিনের মধ্যে পরীক্ষা করে তা নেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত জানাবে খাদ্য অধিদপ্তর।
গত বছরের ফেব্রুয়ারিতে ব্রাজিল থেকে আনা নিম্নমানের গম নিয়ে দেশজুড়ে তুমুল সমালোচনা হয়েছিল। এরপর ব্রাজিল তো বটেই, ফ্রান্স থেকে আনা গমও পরীক্ষা করে নিম্নমান পেয়ে ফেরত দেয় খাদ্য অধিদপ্তর। গত এক বছরে এ নিয়ে ফেরত দেওয়া হয়েছে ৪৫০ কোটি টাকার মোট ২ লাখ ১০ হাজার টন গম। গত বছরের এপ্রিল, মে, জুন ও জুলাই—এই চার মাসে চারটি জাহাজে ব্রাজিল ও ফ্রান্স থেকে ওই গম আমদানি করা হয়। সব ক্ষেত্রেই সরকারের বেঁধে দেওয়া মাত্রার চেয়ে নিম্নমানের বলে অভিযোগ তোলা হয়।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ফয়েজ আহমেদের কাছে জানতে চাওয়া হয়, কেন সরকারি গুদামের জন্য আনা গম নিম্নমানের হচ্ছে। উত্তরে তিনি প্রথম আলোকে বলেন, ‘ব্রাজিল থেকে আনা গম নিয়ে অভিজ্ঞতার পর আমরা আগের চেয়ে সতর্ক হয়ে গেছি। গমের বিনির্দেশ বা স্পেসিফিকেশন পরিবর্তন করে আরও উন্নত গম আনার ব্যবস্থা করেছি। তারপরেও অনেকে নিম্নমানের গম আনছে, কিন্তু আমরা তা ফেরত দিয়ে দিচ্ছি।’
খাদ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী গমে দশমিক ৭ শতাংশের বেশি ‘ফরেন ম্যাটেরিয়ালস’ বা ‘বিজাতীয় উপাদান’ থাকলে তা গ্রহণ করা হয় না। কিন্তু খাদ্য বিভাগ পরীক্ষা করে দেখেছে, রাশিয়ার ওই গমে বিজাতীয় উপাদানের (গমের খোসা ও ভুসি) পরিমাণ ১ শতাংশের বেশি।
আমদানিকারক প্রতিষ্ঠান থেকে খাদ্য অধিদপ্তরের কাছে লিখিত আবেদনে বলা হয়, তারা ওই গম এসজিএস ও সিআইএস নামে দুটি আন্তর্জাতিক সংস্থার পরীক্ষাগারে পরীক্ষা করেছে। তাতে গমের পুষ্টি, ভাঙা দানা, নষ্ট দানা ও বিজাতীয় উপাদান বেঁধে দেওয়া মাত্রার মধ্যে পাওয়া গেছে। কিন্তু খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগারে এসে বিজাতীয় দানার পরিমাণ বেশি পাওয়া গেছে। এ পরীক্ষার যথার্থতা নিয়ে প্রশ্ন তুলে মংলা বন্দরে খাদ্য বিভাগের পরীক্ষাগারে তা আবার পরীক্ষার জন্য আবেদন করে প্রতিষ্ঠানটি।
এ ব্যাপারে জানতে চাইলে আমদানিকারক ফিনিক্স কমোডিটির বাংলাদেশ প্রতিনিধি সাদ আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা খাদ্য বিভাগের কাছে ওই গম আবারও পরীক্ষার আবেদন করলেও তারা তা মানেনি। এমনকি গমে ভুসি ও খোসার যা ওজন হবে, তার দাম বাদ দিয়ে মূল্য পরিশোধের জন্য বলেছি। কিন্তু তাতেও ইতিবাচক সাড়া পাইনি। ফলে এই গম ফেরত দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন করেছি।’
খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর সরকারিভাবে সাড়ে নয় লাখ টন গম আমদানির পরিকল্পনা করা হয়। এর মধ্যে দুই লাখ টন গম দেশের ভেতরে কৃষকের কাছ থেকে সংগ্রহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাকি গম বিদেশ থেকে আমদানি করা হবে। কিন্তু ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচির জন্য বরাদ্দ করা দুই লাখ টন গম বিতরণ না করার সিদ্ধান্ত হওয়ায় খাদ্য অধিদপ্তরও তাদের গম আমদানির পরিকল্পনা কাটছাঁট করে সাড়ে চার লাখ টনে নামিয়ে আনে।
তবে ওই সাড়ে চার লাখ টন গমের মধ্যে এক কেজি গমও এখন পর্যন্ত খাদ্য বিভাগের গুদামে এসে পৌঁছেনি। এ পর্যন্ত দেড় লাখ টন গমের টেন্ডার দিয়ে দুটি লটে এক লাখ টন গম দেশের বন্দরে এসে ভিড়েছে। এর মধ্যে রাশিয়া থেকে আনা ৫১ হাজার টন গম ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলো।
গত বছরের ফেব্রুয়ারিতে ব্রাজিল থেকে আনা এক লাখ টন গমের মান নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অভিযোগ ওঠে। পুলিশ বাহিনীসহ বিভিন্ন সরকারি খাতে দেওয়া গম নিয়ে আপত্তি তোলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা (বিসিএসআইআর) থেকে ওই গমকে নিম্নমানের হিসেবে চিহ্নিত করা হলেও তা খাওয়ার উপযোগী হিসেবে উল্লেখ করা হয়।