দলীয় লোকদের নিয়োগের দাবিতে আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা বন্ধ করে দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা। তাঁদের অবরোধের কারণে উপাচার্যের বাসভবনে সোমবার বিকেল চারটার নির্ধারিত পরীক্ষা ভন্ডুল হয়ে যায়।
প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে ‘জনসংযোগ কর্মকর্তা’র একটি পদের জন্য সোমবার বিকেলে চারটা থেকে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উপাচার্যের বাসভবনে অফিসে এই পরীক্ষার জন্য নিয়োগ বোর্ড বসার কথা ছিল। এ জন্য নির্বাচিত ছয়জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছিল।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বেলা তিনটার আগে থেকেই মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপাচার্যের বাসভবনের ফটকে অবস্থান নেন। এ সময় বাসভবনে চলাচল বন্ধ হয়ে যায়। কেউ বাসভবনে প্রবেশ করতে গেলে তাঁকে বাধা দেওয়া হচ্ছিল। বিকেল চারটার কিছু আগে এক প্রার্থী পরীক্ষা দেওয়ার জন্য প্রবেশ করতে গেলে অবরোধকারীরা তাঁকে বাধা দেন। নিয়োগের কোনো পরীক্ষা হবে না জানিয়ে তাঁকে দ্রুত ক্যাম্পাস ত্যাগ করতে বলেন নেতা-কর্মীরা। এমন অবস্থার খবর শুনে আর কোনো প্রার্থী পরীক্ষা দেওয়ার জন্য সেখানে যাননি।
অবরোধ চলাকালে মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘বিএনপি-জামায়াত আমলে মাস্টাররোলে নিয়োগ পাওয়া ৫৪৪ জনের মধ্যে থেকে কিছুসংখ্যক লোককে অ্যাডহকে নিয়োগ দেওয়া হবে—এমন খবরে গত শনিবার আমরা প্রশাসন ভবনের ফটক অবরোধ করেছিলাম। পরে প্রক্টর স্যার উপাচার্যের প্রতিনিধি হিসেবে এসে বলেছিলেন, এই প্রশাসনের আমলে আর কোনো নিয়োগ আমরা দেব না। কিন্তু আজ জনসংযোগ দপ্তরে কর্মকর্তা নিয়োগের ভাইভা বোর্ড বসিয়েছে। তাই আমরা বাধা দিয়েছি।’ আপনাদের চাওয়া-পাওয়া কী, এমন প্রশ্নের জবাবে আলাউদ্দিন বলেন, ‘আমাদের চাওয়া-পাওয়া আছে। ছাত্রলীগের নির্যাতিত নেতা-কর্মী যাঁদের হাত-পা কাটা, রগ কাটা হয়েছে, তাঁদের নিয়োগ দিতে হবে।’
এর আগে গত শনিবার নিয়োগ বন্ধের দাবিতে প্রশাসন ভবনের প্রবেশপথ অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। প্রায় এক ঘণ্টা অবস্থানের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো নিয়োগ দিচ্ছে না, এমন আশ্বাসে তাঁরা ফিরে যান।
এদিকে গত বছরের ২৩ ডিসেম্বর চাকরির বয়সসীমা বাতিল ও নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত চাকরির পরীক্ষা বন্ধ করে দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। ২১ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের আয়া ও মালি পদের নির্ধারিত মৌখিক পরীক্ষা বন্ধ করে দেন মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের নেতৃত্বে একদল নেতা-কর্মী। এ ছাড়া গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় লোকজনের চাকরির দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসে ৩৩ হাজার শিক্ষার্থী, ১ হাজার ২৫০ জন শিক্ষকসহ অনেক কর্মকর্তা-কর্মচারী আছেন। তাঁরা থাকতে বাইরের লোকজন এসে কীভাবে ভেতরের কার্যক্রমে বাধা দেয়? কেউ কোনো প্রতিবাদ করছে না কেন? তবে কী ভেতরের কেউ মদদ দিচ্ছে? এসব খতিয়ে দেখতে হবে।’ পুলিশ প্রশাসনের সহযোগিতার বিষয়ে তিনি বলেন, ‘পুলিশকে বললে তারা বলছে, আপনাদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেই তো তারা বসে চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে। তবে কার বিরুদ্ধে ব্যবস্থা নেব?’ সোমবারের নির্ধারিত পরীক্ষার বিষয়ে তিনি বলেন, ‘পরীক্ষা নিতে পারলাম না। তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পরবর্তী সময়ে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।’